দ্বিতীয় টেস্টে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে দাপট ইংলিশ বোলারদের

নিউজ ডেস্ক »

দ্বিতীয় টেস্টে সাউথহ্যাম্পটনের রোজ বোলে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ইংল্যান্ড দলে বেন স্টোকসের বদলী জ্যাক ক্রাউলি ও জোফরা আর্চারের বদলী দলে সুযোগ পান স্যাম কারান। পাকিস্তান একাদশে শাদাব খানের বদলে প্রায় এগারো বছর পর সুযোগ পান ফাওয়াদ আলম।

শুরুতেই আগের টেস্টে দেড়শো করা শান মাসুদকে ব্যক্তিগত শূন্য রানেই ফিরিয়ে পাকিস্তান শিবিরে প্রথম আঘাত হানেন এন্ডারসন। এরপর আজহার আলী ও আবিদ আলীর ক্যাচ স্লিপে ফেলে দিলে দু’জনেই একবার করে জীবন পান। দু’জনে মিলে গড়েন ৭২ রানের জুটি। এরপরই আবারো পাকিস্তান শিবিরে আঘাত হানেন এন্ডারসন।

প্রথমবার জীবন পেলেও এবার স্লিপে রুঢ়ি বার্ন্সের হাতে ধরা পড়েন আজহার আলী। মাঝে বৃষ্টি বাধায় কিছুক্ষ্ণ খেলা বন্ধ থাকলেও আবার শুরু হয়। বাবর আজমকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন ওপেনার আবিদ আলী, তুলে নেন নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। ব্যক্তিগত ৬০ রান করে স্যাম কারানের শিকার বনে যান এই ওপেনার। প্রায় এগারো বছর পর দলে ফিরে রানের খাতা খোলার আগেই ক্রিস ওকসের বলে লেগ বিফোরের শিকার হয়ে ফেরত যান ফাওয়াদ আলম। বেশিদূর যেতে পারেননি আসাদ শফিকও! মাত্র ৫ রান করেই স্টুয়ার্ট ব্রডের শিকার হন আসাদ।

দলীয় ১২৬ রানেই ৫ উইকেট হারালে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। এরপরই আবারো বৃষ্টি হানা দিলে দিনের বাকি খেলা পরিত্যক্ত হয়ে যায়। বৃষ্টি বাধায় মাত্র ৪৫.৪ ওভার খেলা হয় দ্বিতীয় টেস্টের প্রথম দিনে। দিনশেষে বাবর আজম অপরাজিত আছেন ২৫ রান ও মোহাম্মদ রিজওয়ান আছেন ৫ রানে।

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »