নিউজ ডেস্ক »
করোনা ভাইরাস প্রকোপের কারণে দীর্ঘ চারমাস পর মাঠে গড়িয়েছে ক্রিকেট। তবে মাঠে খেলা গড়ালেও ক্রিকেটারদের থাকতে বলা হয়েছে জৈব সুরক্ষার সকল নিয়ম অনুযায়ী। কিছুদিন আগে জৈব সুরক্ষার নিয়ম ভঙ্গ করে বাড়িতে যাওয়ার কারণে এক টেস্ট থেকে নিষিদ্ধ হয়েছিলেন ইংলিশ পেসার জফরা আর্চার। এরপর কাউন্টি দল কেন্টের ব্যাটসম্যান জর্ডান কক্স ডাবল সেঞ্চুরি করেও ভক্তদের সঙ্গে ছবি তোলার ফলস্বরূপ দল থেকে বাদ পড়েছিলেন। এবার সেই একই ভুল করেছেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান ক্রিকেট দল এখন অবস্থান করছে সাউদাম্পটনে। মাঠের পাশেই হোটেলে অবস্থান করছেন পাকিস্তানের ক্রিকেটাররা। আর হোটেলের পাশে রয়েছে গলফ মাঠ তবে পাকিস্তানি ক্রিকেটারদের সেখানে যাওয়ার অনুমতি ছিল। তবে সেখানে বাইরের কারো সংস্পর্শে যাওয়া একেবারেই বারণ ছিল। হাফিজ এই নিয়মের তোয়াক্কা না করে, এক মহিলার সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছেন। এরপর সামাজিক যোগাযোগ-মাধ্যমে পোস্টও করেছেন।
ছবির ক্যাপশনে লিখেছেন, ‘প্রেরণাদায়ী এক তরুণীর দেখা পেলাম আজ সকালে গলফ কোর্সে। তার বয়স ৯০-এর বেশি, তবে সুখী ও স্বাস্থ্যকর জীবন তার। দারুণ রুটিন!’
হাফিজের এমন কাণ্ড চোখে লেগেছে নিরাপত্তার কাজে নিয়জিত পাকিস্তানিদের। এ প্রসঙ্গে একটি বিবৃতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা জানিয়েছে, ‘অপরিচিতার সঙ্গে ছবি তুলে হাফিজ সামাজিক দূরত্বের নিয়ম ভেঙেছেন। এজন্য তাঁকে আইসোলেশনে পাঠানো হয়েছে। ‘এই ছবি থেকে প্রমাণিত যে হাফিজ দুই মিটারের সামাজিক দূরত্বের নিয়ম ভেঙেছেন, এবং দলের চিকিৎসকের সঙ্গে পরামর্শের পর নিজের ঘরে আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন, যতক্ষণ না তার টেস্ট নেগেটিভ আসে। বুধবার বিকেলে টেস্ট দিয়েছেন, বৃহস্পতিবারের মাঝে তার ফল আসার কথা।’
নিউজক্রিকেট/শাওন
