করোনায় আক্রান্ত রাজস্থান রয়েলসের ফিল্ডিং কোচ দিশান্ত

নিউজ ডেস্ক »

১৯ সেপ্টেম্বর থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩ তম আসরের জন্য সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে করোনা ছোবল মেরেছে রাজস্থান রয়েলসকে। কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এসেছে দলের ফিল্ডিং কোচ দিশান্ত ইয়াজনিকের।

আজ (বুধবার, ১২ আগস্ট) করোনায় আক্রান্তের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন দিশান্ত। টুইটারে তিনি লিখেছেন, ‘হাই সব, আমি কোভিড-১৯ পজিটিভ পরীক্ষা করিয়েছি। আপনি গত ১০ দিনের মধ্যে আমার সাথে মিশে থাকেন, তবে পরীক্ষা করুন। বিসিসিআই এর প্রটোকল অনুযায়ী আমি এখন ১৪ দিনের কোয়ারেন্টাইনে আছি। রাজস্থান দলের সঙ্গে যোগ দেওয়ার আগে আমাকে দুইবার কোভিড নেগেটিভ পরীক্ষা করাতে হবে। দোয়া এবং শুভকামনার জন্য সবাইকে ধন্যবাদ।’

বিসিসিআই কর্তৃক নিয়ম অনুসারে আইপিএলের সাথে সংযুক্ত কোনো ব্যক্তি করোনায় আক্রান্ত হলে তাকে ১৪ দিনের জন্য আলাদা বা কোয়ারেন্টাইনে থাকতে হবে। পরবর্তীতে দুইবার নেগেটিভ টেস্ট করিয়েই ফিরতে পারবেন মাঠে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজস্থান রয়েলস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, দিশান্তকে তাঁর নিজ শহর উদয়পুরে পরীক্ষা করা হয়েছে। গত ১০ দিনে তিনি কোনো আইপিএল খেলোয়াড়, কোচ এবং অন্যান্যের সান্নিধ্যে ছিলেন না।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »