নিউজ ডেস্ক »
করোনা মহামারীতে প্রায় ছয় মাস ধরে বন্ধ বাংলাদেশ সহ অনেক দেশেরই ক্রিকেট। এর মধ্যেই প্রায় চূড়ান্ত হয়েছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। তাই এই মূহুর্তে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) পুনরায় শুরু করা সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
জাতীয় দলের অনেক খেলোয়াড়ই থাকছে না তার উপর করোনার প্রভাব সব মিলিয়ে বিসিবি বস মনে করেন ডিপিএল আয়োজনে আগ্রহ দেখাবে না কোনো ক্লাব। প্রথম রাউন্ড হওয়ার পর ই করোনায় স্থগিত হয়ে যায় ডিপিএলের এবারের আসর। এদিকে এই খেলার উপর নির্ভরশীল ক্রিকেটাররাও রয়েছেন বেশ বিপাকে। তবে সহসা এই সমস্যা যে কাটছে না সেটিই ইঙ্গিত দিলেন বিসিবি বস।
মঙ্গলবার একটি টিভি চ্যানেলের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি বলেন, ‘এই মুহূর্তে এটা বলা আসলেই অনেক কঠিন যে ডিপিএল শুরু করা সম্ভব কিনা। এটা হয়তো সম্ভব হতো যদি আমরা এটি একটু আগে শুরু করতে পারতাম। তবে এখন এটা অনেক কঠিন। যদি আপনি আমার ব্যক্তিগত মতামত জানতে চান তাহলে আমি বলবো যে এখন ডিপিএল শুরু করা সম্ভব নয়।’
ডিপিএল আয়োজনে শ্রীলঙ্কা সফরকেও বাঁধা হিসেবে দেখছেন বিসিবি সভাপতি। তাঁর ভাষ্যমতে, ‘আরেকটি অন্যতম সমস্যা হলো, যদি আমরা আমাদের ক্রিকেটারদের বাইরের সিরিজ খেলতে পাঠাই তাহলে বেশিরভাগ ডিপিএল ক্লাবগুলো টুর্নামেন্ট শুরুর ব্যাপারে আগ্রহ হারাবে। তাই এমতাবস্থায় আমরা ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে দেখতে পারি যে তারা কি চায়। দ্বিতীয়ত আমাদের দেখতে হবে যে প্রত্যেক খেলোয়াড়ই এই মুহূর্তে খেলার জন্য প্রস্তুত কিনা।’
দেশের করোনা পরিস্থিতি অনূকূলে আসার নামও নেই! বরং দিন দিন বেড়েই চলেছে করোনা সংক্রম। সম্প্রতি খেলোয়াড়দের আলাদা সূচি করে সময় বিভাজনের মাধ্যমে মিরপুরে অনুশীলনের সুযোগ করে দেয় বিসিবি।
নিউজক্রিকেট/এইচএএম
