বোলিং অ্যাকশন পরিবর্তন করছেন তাইজুল

নিউজ ডেস্ক »

লাল বলের ক্রিকেটে দলের ‘অটোমেটিক চয়েজ’ হলেও সাদা বলের ক্রিকেটে তেমন একটা সুযোগ পান না তাইজুল ইসলাম। অবশ্য কখনোই চেষ্টার কোনো কমতি রাখেননি বাঁহাতি এই স্পিনার। দলে জায়গা পেতে মরিয়া তাইজুল এবার পাল্টে ফেলেছেন নিজের বোলিং অ্যাকশন। নতুনরূপে নিজেকে সবার সামনে নিয়ে আসবেন বলে জানিয়েছেন তিনি।

ঈদের পর গত শনিবার থেকে শুরু হয়েছে ক্রিকেটারদের দ্বিতীয় দফার ব্যক্তিগত অনুশীলন। প্রথম দিন থেকেই মাঠে আছে। মঙ্গলবার প্রায় এক ঘণ্টার মতো নেটে বোলিং করেছেন এই বাঁহাতি স্পিনার। এসময় দেখা যায় অন্যরকম অ্যাকশনে বল করছেন তিনি। এছাড়া বিশেষ এক ধরণের ডেলিভারিও রপ্ত করেছেন এই ক্রিকেটার।

অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাইজুল বলেন, ‘আমি সব ফরম্যাটে খেলতে চাই। তাই নিজেকে বদলে ফেলার চেষ্টা করছি। আমার বোলিংয়ে কিছু পরিবর্তন এনেছি। অ্যাকশনের পাশাপাশি আমি একটি নির্দিষ্ট ডেলিভারি রপ্ত করার চেষ্টা করছি। আশা করি খুব বেশি সময় লাগবে না। তবে এই মুহূর্তে বিষয়টি গোপন রাখতে চাচ্ছি। পুরোপুরি রপ্ত করতে পারলে তখন জানাবো ডেলিভারিটি কী।’

নিজের চেষ্টায় অ্যাকশন পরিবর্তন করেছেন জানিয়ে তাইজুল বলেন, ‘আসলে নিজে থেকেই চেষ্টা করছিলাম যে বোলিং অ্যাকশন পরিবর্তন এনে কিছু করা যায় কিনা। পরে দেখলাম বল ভালোই হচ্ছে। এরপর বোলিং কোচের (ভেট্টরি) সঙ্গে অ্যাকশন নিয়ে আলাপ হয়। তিনি ইতিবাচক মন্তব্য করার কারণে এখন এটি নিয়ে কাজ করছি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »