নিউজ ডেস্ক »
করোনা ভাইরাস প্রকোপের কারণে প্রায় সাত মাস ধরে মাঠের বাইরে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। কবে নাগাদ মাঠে নামবে বাংলাদেশ দল সেটাও নিশ্চিত করে বলা প্রায় অসম্ভব। তবে সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কা সফরের ব্যাপারে জোর-সোরে এক আলোচনা চলছে, এখনো কোন কিছু চূড়ান্ত জানায়নি দুই বোর্ড। আগামী বছরের শুরুর সময়ে সিরিজগুলো যথাসময়ে হবে কিনা, সেটিও এখন জোর দিয়ে বলা যাচ্ছেনা। তবে নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, সামনের ঘরোয়া মৌসুমে সফরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ। শুধু বাংলাদেশ নয় পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজও নিউজিল্যান্ড সফরে আসবে বলে জানানো হয়েছে।
নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভ হোয়াইট সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘করোনা মহামারির মধ্যে সফরকারী দলের খেলোয়াড়দের জন্য যথাযথ স্বাস্থ্যবিধি নিশ্চিত করা নিয়ে এখনো কাজ চালিয়ে যাওয়া হলেও সফর ঠিক সময়মতোই মাঠে গড়াবে। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। করোনায় এ বছর কিউইদের বাংলাদেশ সফর (আগস্ট-সেপ্টেম্বর), বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর (সেপ্টেম্বরে) স্থগিত হলেও আগামী বছরের ফেব্রুয়ারির সফরসূচি নিয়ে অবশ্য প্রশ্ন ওঠেনি।’
করোনা ভাইরাসের প্রকোপ থেকে মুক্তি মিলেছে বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের। এর মধ্যে করোনা মহামারিকে খুব ভালোভাবেই জয় করতে পেরেছে নিউজিল্যান্ড। তবে মাঠের ক্রিকেট এখনো ফেরাতে পারেনি দেশটি। তবে নিউজিল্যান্ড আশাবাদী এ বছর না হলেও সামনের বছরের শুরুতেই দেশটিতে মাঠে গড়াবে ক্রিকেট।
নিউজক্রিকেট/শাওন
