নিউজ ডেস্ক »
করোনা ভাইরাস প্রকোপের কারণে মাঠের ক্রিকেট বন্ধ রয়েছে দীর্ঘ চার মাস ধরে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের। দীর্ঘ বিরতির পর ভারত দলের ক্রিকেটাররা আইপিএল দিয়েই মাঠে ফিরবেন।
আর এই মাঠে নামার জন্য যেনো তর সইছে না চেন্নাই সুপার কিংসের তারকা ব্যাটসম্যান সুরেশ রায়নার। এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন,
”দিন গুনছি মাঠে ফেরার জন্য এবং প্রতিটি মিনিট উপভোগ করছি। নতুন মৌসুম শুরু করার জন্য তর সইছে না।”
এখনো পর্যন্ত রায়না আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। কদিন আগেই তিনি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতাই বলেছিলেন দুবাইয়ের উইকেট অনেকটা তার ঘরের মাঠ চেন্নাইয়ের মতো হবে। তাই মাঠ নিয়ে তিনি মোটেও চিন্তিত নন। এমনকি আরব আমিরাতের মাটিতে নিজেদেরই এগিয়ে রাখছেন তিনি।
আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত রায়না ১৯৩টি ম্যাচ খেলেছেন এবং ব্যাট হাতে করেছেন ৫ হাজার ৩৬৮ রান। তার ব্যাটিং গড় ৩৩.৩৪ এবং স্ট্রাইক-রেট ১৩৭.১৪। আইপিএলে নিজের নামে পাশের একটি সেঞ্চুরি ও ৩৮টি হাফ-সেঞ্চুরিও রয়েছে রায়নার।
নিউজক্রিকেট/শাওন
