আইপিএল শেষ হলেই ভারতে শুরু হবে ঘরোয়া ক্রিকেট

নিউজ ডেস্ক »

মহামারী কোভিড পরিস্থিতির কারণে আইপিএলের চলতি বছরের আসরটি আয়োজন করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। দেশের বাইরে আইপিএল অনুষ্ঠিত হওয়ার কারণে এবারে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) চাইছে দেশের মাটিতে ক্রিকেট ফেরাতে। এরই ধারাবাহিকতায় বোর্ড আইপিএল শেষ হবার পরপরই সৈয়দ মোশতাক আলী ট্রফি এবং রঞ্জি ট্রফি আয়োজনের কথা ভাবছে।

বিসিসিআইয়ের একটি সূত্র সংবাদসংস্থা এএনআইকে এমনটাই জানিয়েছেন সম্প্রতি। সূত্রের দেয়া তথ্য মতে, বিসিসিআই পরিকল্পনা করছে আগামী ১৯ নভেম্বর থেকে সৈয়দ মোশতাক আলী ট্রফি এবং ১৩ ডিসেম্বর থেকে রঞ্জি ট্রফি শুরু করার। আর আইপিএলের এবারের আসর শেষ হবে ১০ নভেম্বর। অপরদিকে দিলীপ ট্রফি, দেবদার এবং বিজয় হাজারে ট্রফি সময় স্বল্পতার কারণে বাতিলও হয়ে যেতে পারে বলে জানিয়েছে সেই সূত্র।

এএনআইয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বোর্ড জুনিয়র লেভেলের ক্রিকেট নিয়েও বেশ চিন্তা ভাবনা করছে। জুনিয়র লেভেলের সকল টুর্নামেন্ট পরিচালনা করতে আগ্রহী বিসিসিআই।

প্রাথমিকভাবে সিকে নায়ুডু অনূর্ধ্ব-২৩ ট্রফি এর সূচী নির্ধারণ করা হয়েছে ডিসেম্বর ১৫ থেকে ২০২১ সালের ৯ মার্চ পর্যন্ত। কোচবিহার ট্রফি ১ নভেম্বর থেকে ২২ জানুয়ারী ২০২১ এবং বিজয় মার্চেন্ট ট্রফি নভেম্বরের ১ তারিখ হতে জানুয়ারী ৭, ২০২১ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

পিছিয়ে থাকছে না নারী ক্রিকেটও। ওয়ানডে লীগ ২০২১ সালের ১৭ মার্চ থেকে ১২ এপ্রিল, টি-টোয়েন্টি লিগ নভেম্বর ১-২০, অনূর্ধ্ব-২৩ ওয়ানডে লীগ নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ২৩, অনূর্ধ্ব-২৩ টি-টোয়েন্টি লিগ ২০২১ সালের ২৭ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি, অনূর্ধ্ব-১৯ ওয়ানডে লীগ ডিসেম্বর ২৯- জানুয়ারী ২১ এবং অনূর্ধ্ব -১৯ টি-টোয়েন্টি ট্রফি ফেব্রুয়ারী ২১ থেকে মার্চ ১১ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত মার্চের শেষ দিকে করোনার ভয়াল থাবায় সবধরনের খেলাধূলা বন্ধ ছিলো। ক্রিকেটও তার ব্যাতিক্রম নয়। গত ১৩ মার্চ অস্ট্রেলিয়া নিউজল্যান্ডের ওয়ানডে ম্যাচ ছিলো শেষ ম্যাচ। এর ১১৭ দিন পর ক্রিকেট ফিরেছে মাঠে। ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টেস্ট দিয়ে মাঠে আবারও ক্রিকেট গড়ায়।

নিউজক্রিকেট/আজহার

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »