বাতিলের খাতায় যোগ হলো আরো একটি সিরিজ

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাস প্রকোপের কারণে সব দেশেরই কোন না কোন সিরিজ বাতিল হয়েছে। তবে ভক্ত-অনুরাগীদের মনে আশার আলো হয়ে প্রদীপ জ্বেলেছে ইংল্যান্ডে খেলা ফেরায়। তবে সদ্য আবার বাতিল হয়ে গেল জিম্বাবুয়ে বনাম আফগানিস্তানের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি।

বর্তমানে জিম্বাবুয়েতে করোনা পরিস্থিতি খুব একটা ভালো নয় যার পরিপ্রেক্ষিতে সিরিজটি বাতিল ঘোষণা করেছে জিম্বাবুয়ে সরকার। আজ শনিবার নিজেদের অফিসিয়াল টুইটারে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)।

জিম্বাবুয়ে দলের ভারপ্রাপ্ত পরিচালক গিভমোর মাকোনি এ প্রসঙ্গে বলেন, ‘আমরা ক্রিকেটের নিরাপদ প্রত্যাবর্তন দেখতে আগ্রহী ছিলাম। তবে আমরা সরকারের স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ বুঝতে পেরেছি এবং স্বীকার করছি যে প্রস্তাবিত সফর বাতিল করা বুদ্ধিমানের কাজ হবে। খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল, স্বেচ্ছাসেবক, পরিষেবা প্রদানকারী, দর্শক এবং বৃহত্তর সম্প্রদায়ের স্বার্থে এটিই উপযুক্ত সিদ্ধান্ত বলে আমি মনে করি।’

এর আগে ভারতেরও তিনটি ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে আসার কথা ছিল। কিন্তু করোনার প্রকোপ বেশি থাকায় সেই সিরিজটি আগেই বাতিল ঘোষণা করেছিলো। তারপর অস্ট্রেলিয়া সফরের তিন ম্যাচের ওয়ানডে সিরিজটিও স্থগিত হয়ে গিয়েছিলো। সর্বশেষ স্থগিতের খাতায় যোগ হলো আফগানিস্থানের সাথে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »