টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান আশরাফুল

নিজস্ব প্রতিবেদক »

বাংলাদেশ ক্রিকেটের এক সময়ের সবথেকে বড় তারকা আশরাফুল। বাংলাদেশের অসংখ্য জয়ে তিনি নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। ফিক্সিং কেলেঙ্কারির জন্য নিষিদ্ধ হয়েছিলেন ক্রিকেট থেকে। ক্রিকেটে ফিরলেও ফেরা হয়নি জাতীয় দলে। তবে আশরাফুল এখনো স্বপ্ন দেখেন জাতীয় দলে খেলার। তিনি মনে করেন এখনো তার সামর্থ্য আছে দেশকে কিছু দেওয়ার, অন্তত সাদা পোষাকে, নিউজ ক্রিকেট ২৪ ডট কমকে এমনটাই জানিয়েছেন আশরাফুল।

আশরাফুলের নাম শুনলে যেমন অজস্র সুখস্মৃতি মনে ভেসে উঠে, তেমনি ভেসে উঠে একটি কালো অধ্যায়। যে কালো অধ্যায় আশরাফুলকে পাঠিয়েছে ক্রিকেটের বাইরে। দেশের সেরা তারকা থেকে আশরাফুল বনে গেছেন ব্যাড বয়।অন্ধকার সময় কাটিয়ে আশরাফুল ক্রিকেটে ফিরলেও ফেরা হয়নি জাতীয় দলে। কিন্তু আশরাফুল আবারো খেলতে চান লাল সবুজের জার্সি গায়ে। আর প্রত্যাবর্তন করতে চান প্রিয় ফরমেট টেস্ট ক্রিকেট দিয়ে।

আশরাফুল বলেন, ‘সবারই স্বপ্ন থাকে সব ফরমেটে খেলার, আমারও আছে। তবে এই মুহূর্তে আমি মনে করি যে একটা ফরম্যাটে যদি আমি ঢুকতে পারি , একটা ফরম্যাটে যদি আমি রেগুলার পারফর্ম করতে পারি, তখন নির্বাচকরা আমাকে অন্য ফরম্যাটে চিন্তা করতে পারবে। এই কারণেই আমি সবাইকে বলছি আমি চাই টেস্ট ক্রিকেটে ভালো কিছু করতে।আমাদের দেশে কিন্তু এখনো ঐ কালচার টা তৈরি হয়নি যে আপনি শুধু ঐ একটা ফরমেটেই খেলবেন,ভালো করলে কিন্তু আমরা সব ফরমেটেই অটোমেটিক নিয়ে নেই।’

দেশবাসীর কাছে দোয়া চেয়ে আশরাফুল বলেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন। এখন এই মুহূর্তে প্রচুর দোয়া ছাড়া কামব্যাক করাটা কঠিন। আর সাপোর্ট টা খুব দরকার, যদি সাপোর্ট টা পাওয়া যায় তাহলে আমি মনে করি আমার স্কিল, আর যে ফিটনেস লেভেল আছে তাতে আমি আরো ৩/৪ বছর সার্ভিস দিতে পারবো।’

টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ানের রেকর্ড এখনো মোহাম্মদ আশরাফুলের দখলে। এই রেকর্ডটি করেছিলেন তার অভিষেক ম্যাচের ২য় ইনিংসে শ্রীলংকার বিপক্ষে। নিষেধাজ্ঞার আগে টেস্ট ক্রিকেটে ৬১ ম্যাচে আশরাফুল করেছেন ২৭৩৭ রান। ব্যাট করেছেন ২৪ গড়ে, ৬ টি শতকের পাশাপাশি আছে ৮ টি অর্ধশতক। ক্যারিয়ার সেরা ১৯০ রানের ইনিংসটি খেলেছিলেন শ্রীলংকার বিপক্ষে। বল হাতে আছে ২১ টি উইকেটও।

নিউজ ক্রিকেট২৪/ সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »