ইনজুরির কারণে আইপিএল মিস করলেন সাইফুদ্দিন

নিউজ ডেস্ক »

বর্তমানে ক্রিকেট বিশ্বে সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল। করোনা বাধা পেরিয়েও নভেম্বরে মাঠে গড়াবে আইপিএল। তবে এবারের আইপিএলে বাংলাদেশের কোন ক্রিকেটারকে দেখা যাবে না মাঠ মাতাতে। বিগত আসর গুলোতে সাকিব আল হাসান খেললেও এবার নিষেধাজ্ঞার কারণে সাকিবকেও দেখা যাবে না। তবে এবার আইপিএলে খেলার বড় সুযোগ ছিলো তরুণ অলরাউন্ডার সাইফুদ্দিনের সামনে। তবে ইঞ্জুরির কারণে আর দল পাওয়া হয়নি এই অলরাউন্ডারের।

গতকাল এক অনলাইন নিউজ পোর্টালের লাইভে সাইফুদ্দিন জানান আইপিএলে সুযোগ পেতে পেতে হারিয়েছেন তিনি। চেন্নাই সুপার কিংস ও সংরইজার্স হায়দ্রাবাদ আলোচনা করছিলো এই বাংলাদেশী অলরাউন্ডারকে নিয়ে। চেন্নাইয়ের কম্পিউটার বিশ্লেষক হিসেবে কাজ করা লক্ষ্মী নারায়ণ বিপিএল কাজ করেছিলেন ঢাকা প্লাটুনের কম্পিউটার বিশ্লেষক হিসেবে।তিনিই চেন্নাই সুপার কিংসের আলোচনায় নিয়েছিলেন সাইফুদ্দিনের নাম। শুধু চেন্নাই না, সাইফকে দলে ভেড়াতে আগ্রহী ছিলো হায়দ্রাবাদের মেন্টর ভিভিএস লক্ষ্মণও।

সাইফুদ্দিন বলেন, ‘আইপিএলে খেলা তো স্বপ্ন- বলাই যায়। লর্ডসে শেষ ম্যাচ (পাকিস্তানের বিপক্ষে ২০১৯ বিশ্বকাপে) খেলি তখন ভিভিএস লক্ষণ এসেছিলেন আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করার জন্য। আমাদের (বাংলাদেশ জাতীয় দল) কম্পিউটার বিশ্লেষণ তো ভারতীয়- শ্রীনিবাস চন্দ্রশেখরন। সানরাজার্স হায়দরাবাদে কাজ করে। শ্রীনিবাসের কাছে লক্ষণ জানতে চেয়েছিলেন ও (সাইফউদ্দিন) কেমন হবে। সাজানো সবকিছুকে নষ্ট করে দিয়েছে আমার ইনজুরি।’

লক্ষী নারায়ন চেন্নাই অধিনায়ক ধোনির কাছে সাইফুদ্দিনের বোলিং ভিডিও পাঠিয়েছিলেন।সাইফুদ্দিন আরো বলেন, ‘প্রায় একটা সুযোগ সৃষ্টি হয়ে যেত। শুনছিলাম আমাকে নিয়ে চেন্নাই আলোচনা করছিল। লক্ষ্মী আমাদের (ঢাকা প্লাটুন) ভিডিও বিশ্লেষক ছিল। ও আমাকে বলেছিল ধোনি তোমার ব্যাপারে কথা বলেছে। আমি বলেছি, তোমরা সবকিছু করো, শুধু আমাদের বাংলাদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে অ্যালার্জি। সে বলল, দেখো দেখো, আমি মিথ্যা বলছি না। আমি বলেছিলাম, এসব দিয়ে লাভ নেই। আমাদের বড় ভাই-ভাই, কিন্তু আমাদের পেছন দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতও হয়। পরে বলল, তোর ব্যাপারে যে ধোনির সাথে কথা বলেছি এই দেখ, বোলিং ভিডিও পাঠিয়েছি, তুই তো আমাকে বিশ্বাস করলি না। পরে দেখলাম ধোনি আমার বোলিং ভিডিও দেখে বলেছে, ঠিক আছে। ওদের পরিকল্পনা ছিল আমাকে নেওয়ার। কিন্তু চোটের কারণে যেহেতু খেলার বাইরে ছিলাম, তাই আর পরে আগ্রহ দেখায়নি। এরপর জশ হ্যাজলউডকে ডাকে।’

গেলবারের বিপিএলেও ইঞ্জুরির কারণে খেলা হয়নি। ইনজুরির কারণে সাইফুদ্দিন যেতে পারেননি ভারত সফরেও। সেই ইনজুরিই সাইফুদ্দিনকে পিছনে ফেলে দিয়েছে তার স্বপ্ন আইপিএল খেলা থেকে।আক্ষেপ নিয়ে সাইফুদ্দিন বলেন, ‘আসলে আমার ভাগ্যটা এমনই। বয়সভিত্তিক থেকেই। কখনো প্রথমবারেই আমি সফল হইনি। এটা আমার জন্য অনেক ভালো। কোনো কিছু তাড়াতাড়ি পেয়ে গেলে এর মূল্যটা বুঝবো না।’

নিউজ ক্রিকেট২৪/সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »