নিউজ ডেস্ক »
করোনা ভাইরাস প্রকোপের পর এই প্রথম মাঠে নেমেছে পাকিস্তান ক্রিকেট দল। মাঠে ফিরেই ইংল্যান্ডের বিপক্ষে খেলছে টেস্ট সিরিজ। আর এই প্রথম টেস্টের একাদশে জায়গা হয়নি সাবেক পাক অধিনায়ক সরফরাজ আহমেদের। চলমান এই ম্যাচটিতে দ্বাদশ খেলোয়াড়ের ভূমিকায় ছিলেন তিনি। প্রথম টেস্ট চলাকালীন সময়ে ম্যাচের দ্বিতীয় দিনে উইকেটে থাকা ব্যাটসম্যানদের জন্য পানি ও জুতা নিয়ে মাঠে প্রবেশ করতে দেখা গেছে তাঁকে।
দলে জুনিয়র খেলোয়াড় থাকার পরেও সিনিয়র খেলোয়াড় দিয়ে এমন কাজ করানোকে মানতে পারেননি সাবেক ও বর্তমান সিনিয়ররা। ফলে রাগে ক্ষোভে ফেটে পড়েছেন তারা। কিন্তু সরফরাজের সাথে ঘটে যাওয়া এ ঘটনায় অপরাধের কিছু দেখছেন না পাকিস্তানের হেড কোচ মিসবাহ-উল-হক। বিষয়টিকে একেবারে সাধারণ হিসেবেই মানছেন তিনি। তার মতে এই কাজ করার ক্ষেত্রে সরফরাজের নিজের কোনো আপত্তি ছিল না।
এ বিষয়ে মিসবাহ বলেন, ‘এটি খুব সাধারণ বিষয়। আমি মনে করি না যে এটি সরফরাজের জন্যও সমস্যা ছিল। এমনকি আমি ক্যাপ্টেন থাকাকালীন অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের হয়ে পানীয় নিয়ে এসেছি। কিন্তু আমি সেই বিশেষ ম্যাচটি খেলিনি। ওই ম্যাচে আমি দ্বাদশ ব্যক্তি ছিলাম।’
এ ঘটনা ঘটার পরই সরফরাজের প্রতি এমন আচরণের তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেন সাবেক পাকিস্তানি গতিতারকা শোয়েব আখতার এবং পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। সাবেক অধিনায়ক হিসেবে সতীর্থের জুতা বহনের বিষয়টি মেনে নিতে পারেননি তারা যার ফলশ্রুতিতে বেশ চটেছেন তারা।
নিউজক্রিকেট/শাওন
