আমার মত ভুল যেন আর কেউ না করেঃ আশরাফুল

নিজস্ব প্রতিবেদক »

বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশের ক্রিকেটের অনেক প্রথম এবং বড় জয়ে অবদান আছে আশরাফুলের।আশরাফুলের কথা বললে যেমন অনেক সুখস্মৃতি মনে ভেসে উঠে তেমনি ভেসে উঠে এক কালো অধ্যায়ের নাম। ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি বাংলাদেশ ক্রিকেটের আসার ফুলকে পাঠিয়ে দিয়েছিলো ক্রিকেটের বাইরে। নিষেধাজ্ঞা কাটিয়ে আশরাফুল ফিরলেও আর ফেরা হয়নি আশরাফুলের। আশরাফুল চাননা তার মতো ভুল আর কেউ করুক।

করোনা কালীন সময়ে ক্রিকেট প্রেমীদের মাতিয়ে রাখতে বর্তমান ও সাবেক ক্রিকেটারদের নিয়ে নিউজ ক্রিকেট২৪.কম নিয়মিত আয়োজন করছে ফেইসবুক লাইভ আড্ডা। আজকের আড্ডায় অতিথি ছিলেন সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। অভিষেক ম্যাচে সেঞ্চুরি করা ৩৪ বছর বয়সি এই ব্যাটসম্যান লাইভে কথা বলেছেন তার ক্যারিয়ারের সব থেকে কালো অধ্যায় ম্যাচ ফিক্সিং নিয়ে। বাংলাদেশের এই সাবেক অধিনায়ক চান না তার মতো ভুল আর কোন ক্রিকেটার করুক।

ম্যাচ ফিক্সিং নিয়ে কথা বলতে গিয়ে মোহাম্মদ আশরাফুল বলেন, ‘আমার ক্যারিয়ারের কালো অধ্যায় টা তো আর মুছা যাবে না, আমি যেহেতু অপরাধ করেছি। শাস্তিও পেয়েছি, অবশ্য এখন আমি আবার ফিরে এসেছি। তো আমি এইটাই চাবো যে, এই ধরনের দুর্ঘটনা যেন আর কোন ক্রিকেটার না ঘটায়।আমার ভুল থেকে যেন শিক্ষা নেয়।’

শুধু নিজের ভুল নয়, আশরাফুল কথা বলেছেন সাকিব আল হাসানের ভুল এবং নিষেধাজ্ঞা নিয়েও। আশরাফুলের চাওয়া শুধু তার না, সাকিবের মতো ভূলও যেন আর কেউ না করে। আশরাফুলের ভাষ্য, ‘সাকিবের মতো ভূলও যেন কেউ না করে, দেখেন ছোট একটা ভুলের জন্য আজ ও খেলার বাইরে। তো এইসব ঘটনা থেকে যেন আমরা শিক্ষা নেই, কারণ আমরা এখন যে ধরনের সিচুয়েশন , আর যে সমস্ত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ,এগুলাতে এই ধরনের অফার বা এটা হয়েই থাকে , তাই আমাদের প্রচুর সচেতন থাকতে হবে। আমরা যেন জিনিসটা সিরিয়াসলি নেই। এটাই আমি আশা করবো আর কোন ক্রিকেটার যেন এই ধরণের সিচুয়েশনে না পরে।’

টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এখনো স্বপ্ন দেখেন জাতীয় দলে খেলার, আর ফিরতেও চান প্রিয় ফরম্যাট টেস্ট ক্রিকেট দিয়ে। তিনি এখনো মনে করেন দেশকে এখনো দেওয়ার অনেক কিছু আছে তার। আরো ৩/৪ বছর ক্রিকেট খেলতে চান তিনি।

নিউজ ক্রিকেট২৪/ সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »