নিউজ ডেস্ক »
ঈদের কারণে সাময়িক বন্ধের পর আগামী ৮ই আগস্ট থেকে পুনরায় হোম অব ক্রিকেট মিরপুরে অনুশীলনে ফিরছে মাহমুদুল্লাহ-মুমিনুলরা। শনিবার থেকে পুরো দমে অনুশীলন করবে ক্রিকেটাররা।
করোনার মধ্যেও রুটিন করে ঈদের আগে আট দিন ব্যাপি অনুশীলনে ব্যস্ত সময় কাটান জাতীয় দলের কয়েকজন ক্রিকেটাররা। মুশফিক, তাসকিনদের সাথে ঈদের পর এবার এই তালিকায় যুক্ত হচ্ছেন রিয়াদ ও মুমিনুল সহ আরো বেশ কয়েকজন ক্রিকেটার। সৌম্য সরকার, তাইজুল ইসলাম, আল আমিন হোসেন, সাদমান ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লবদের সাথে অনুশীলনে দেখা যাবে সাব্বির রহমানকেও।
ঈদের আগের মতোই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর দেওয়া নতুন সময়সূচি অনুযায়ী অনুশীলন করবেন ক্রিকেটাররা। আগের মতোই ৫০ মিনিট ইনডোরে ও ৫০ মিনিট রানিং ও জিম সেশনে সময় দিবেন ব্যাটসম্যানরা। সকাল নয়টা থেকে বিকেল ৩ টা ৫০ মিনিট পর্যন্ত প্রত্যেকেই নিজ নিজ সময়সূচি অনুযায়ী চালিয়ে যাবেন একক অনুশিলন। প্রত্যেক শনিবার বোলাররা অনুশীলনে সময় পাবেন ১ ঘন্টা ২০ মিনিট করে ও অনুশীলন চলবে ৪ টা ৫০ পর্যন্ত।
ঈদের আগেই মুশফিক-তাসকিনদের সাথে অনুশীলন করা ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, মেহেদি হাসান রানা ও এনামুল হক বিজয়রাও শনিবার থেকেই ফিরবেন অনুশীলনে।
নিউজক্রিকেট/এইচএএম
