নিউজ ডেস্ক »
ম্যানচেস্টার টেস্টে প্রথম ইনিংসে শান মাসুদের দেড়শো রানে পাকিস্তানের করা ৩২৬ রানের জবাবে প্রথম ইনিংসে দ্বিতীয় দিনশেষে ৯২ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড।
প্রথম দিনের ২ উইকেটে করা ১৩৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে সফরকারীরা। শুরুতেই আগের দিনের ৬৯ রানে অপরাজিত থাকা অধিনায়ক বাবর আজম কোনো রান যোগ না করেই এন্ডারসনের বলে রুটের হাতে ক্যাচ দিয়ে আউট হন। বেশিদূর যেতে পারেননি আসাদ শফিক, রিজওয়ানরাও! মাত্র ৭ রান করেই ব্রডের শিকার হন আসাদ ও ৯ রান করে ক্রিস ওকসের শিকার হন উইকেটরক্ষক ব্যাটসম্যান রিজওয়ান। ১৭৬ রানেই ৫ উইকেট হারিয়ে ধুকতে থাকা পাকিস্তানের হাল ধরেন শান মাসুদ ও শাদাব খান। একে একে অর্ধশতক,শতকের পর শান মাসুদ তুলে নেন ক্যারিয়ারের প্রথম দেড়শো! মাসুদ ও শাদাবের ১০৫ রানের জুটির পরেও বেশিদূর এগোতে পারেনি পাকিস্তানের ইনিংস। দলীয় ২৮১ রানে শাদাব খান ফিরলে দ্রুত উইকেট হারাতে থাকে সফরকারীরা। টেস্ট ক্যারিয়ারের ব্যক্তিগত সর্বোচ্চ ১৫৬ রান করে ব্রডের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন মাসুদ। ব্রড-আর্চারদের বোলিং তোপে ৩২৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১২ রানেই ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় ইংলিশরা। রুট-ওলি পোপের অর্ধশতক জুটি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও দলীয় ৬২ রানে রুট ব্যক্তিগত ১৪ রান করে ইয়াসির আলীর শিকার হলে বড় ধাক্কা লাগে ইংলিশ শিবিরে। ৯২ রানে ৪ উইকেট নিয়ে দিনশেষ করে ইংল্যান্ড। ওলি পোপে ৪৬ ও জস বাটলার ১৫ রানে অপরাজিত আছেন। পাকিস্তানের পক্ষে আব্বাস ২ টি, আফ্রিদি ও ইয়াসির শাহ নেন ১ টি করে উইকেট।
২৩৪ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করবে ইংল্যান্ড।
নিউজক্রিকেট/এইচএএম
