নিউজ ডেস্ক »
এ বছরের মার্চে শুরু হওয়ার কথা ছিলো আইপিএলের ১৩তম আসরের। তবে বিশ্বব্যাপী করোনা ভাইরাস প্রকোপ শুরু হওয়াই দুই দফা পিছিয়ে স্থগিত হয়েছিলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরটি। বর্তমান ভারতে করোনার সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে এবারের আসরটি বসতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।
আইপিএল টুর্নামেন্ট খেলতে বিভিন্ন দেশ থেকে ক্রিকেটাররা আসবেন, যার কারণে ঝুঁকির সম্ভাবনা একটু বেশিই থাকছে। এমন অবস্থায় যদি একজন কোভিড-১৯ রোগী সনাক্ত হয় তাহলে পুরো কাল হয়ে দাঁড়াতে পারে টুর্নামেন্টটি। আর এমনটাই মন্তব্য করেছেন টুর্নামেন্টটির পুরাতন ফ্র্যাঞ্চাইজি দল কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক নেস ওয়াড়িয়া।
সম্প্রতি বার্তা সংস্থা পিটিআইকে এ বিষয়ে কিছু কথা জানিয়েছেন তিনি। নেস বলেন, ‘অনেক উড়ো কথাই শোনা যাচ্ছে। আমি মনে করি এগুলো নিতান্তই হাস্যকর। মূল বিষয় হলো, আমরা দল মালিকরা জানি যে আইপিএল হচ্ছে। খেলোয়াড় এবং সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়ে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। একজনও করোনা আক্রান্ত হলে সেটিই আইপিএলের কাল হয়ে দাঁড়াবে। তাই শুরু থেকেই এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
কিংস ইলেভেন পাঞ্জাব আইপিএলের শুরু থেকেই প্রতি আসরে প্রতিনিধিত্ব করে আসছে। তবে কখনো সোনার হরিণখ্যাত সেই ট্রফির দেখা পাইনি। প্রতিবছরই নামীদামী সব খেলোয়াড়কে দলে ভিড়িয়ে থাকে এই দলটি।
নিউজক্রিকেট/শাওন
