নিউজ ডেস্ক »
করোনা মহামারীতে এক প্রকার থমকে গেছে সারা বিশ্ব। ক্রীড়াঙ্গনেও এর প্রভাব ইতিমধ্যেই বিস্তার করেছেন। অনেক ক্রিকেটার ও ফুটবলার সহ বিভিন্ন খেলার সাথে জড়িত অনেকেই আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। তবে প্রায়শই দেখা যায় গুজব রটনাকারীদের কারণে বিপাকে পড়তে হয় খেলোয়াড়দের। সদ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারার করোনায় আক্রান্তের খবর ছড়িয়ে পড়ে। এতে ভক্তদের মাঝে উৎকন্ঠা দেখা দেয়। তবে লারা জানিয়েছেন এ খবর সম্পূর্ণ ভিত্তিহীন।
এমন একটি মহামারীতে এম ধরনের গুজবে বেশ চটেছেন ক্রিকেটের বরপুত্র লারা। করোনার ভয়াবহতায় বেশ শঙ্কাতেই দিন কাটছে সবার। লারা তার করোনা পজিটিভের খবরটি ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লারা এক পোস্টে লিখেছেন, ‘কেমন আছেন সবাই, আমি করোনা পজিটিভ- এমন যে সব গুজব ছড়িয়েছে, সেগুলো চোখে পড়েছে আমারও। ফলে বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন বলে মনে করছি। শুধু এই তথ্যটা ভুলই নয়, এটা করোনাভাইরাসে জর্জরিত আমাদের সমাজের জন্য ক্ষতিকরও।’
তিনি আরো বলেন, ‘এতে হয়তো আমার ব্যক্তিগতভাবে ক্ষতি হয়নি। কিন্তু উদ্বেগের বিষয় হলো, এমন ভুল তথ্য ছড়িয়ে দেয়া দায়িত্বজ্ঞানহীনতা এবং এতে এমন অনেক মানুষ অকারণে দুশ্চিন্তায় পড়েছেন যারা হয়তো আমারও পরিচিত। করোনার মতো একটা বিষয়কে নিয়ে নেতিবাচক খবর তৈরি করে সাড়া ফেলে দেয়ার কিছু নেই। আমি আশা করি এবং সবার জন্য প্রার্থনা, যেন আমরা নিরাপদে থাকতে পারি। কারণ এই ভাইরাস থেকে আমাদের শিগগিরই নিস্তার মিলছে না।’
ব্রায়ান লারা এও বলেন যে, তিনি করোনা পরীক্ষা করিয়েছেন এবং ফলাফল নেগেটিভ এসেছে। পুরো বিশ্বে করোনার প্রভাব বেশ ভালো ভাবে পরিলক্ষিত হলেও ক্যারিবিয়ান অঞ্চল গুলোতে করোনা সেভাবে প্রভাব বিস্তার না করায় এখন পর্যন্ত নিয়ন্ত্রণেই আছে করোনা পরিস্থিতি।
নিউজক্রিকেট/এইচএএম
