বিপিএলে ক্রিকেটারদের পাওনা অর্থ বুঝিয়ে দেবে বিসিবি

নিউজ ডেস্ক »

গতকাল ক্রিকেট ভিত্তিক পোর্টাল ক্রিকইনফো একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে উঠে আসে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে বিদেশি খেলোয়াড়দের আর্থিক লেনদেনে গড়মিলের অভিযোগ। প্রতিবেদনে উল্লেখ করা হয় আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটারস অ্যাসোসিয়েশন (ফিকা) বিপিএল সহ আরও ৫ টি-২০ ক্রিকেট লিগে খেলোয়াড়দের বেতন নিয়ে গড়মিলের অভিযোগ এনেছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলে) ২ বিদেশি ক্রিকেটারের বেতন এখনো বুঝে পাননি। তারা হলেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান আর আফগানিস্তানের গুলবাদিন নাইব। তারা দুজনে খেলেছিলেন সিলেট সিক্সার্স দলে। পুরানের পাওয়ার কথা ছিলো ৩০ লাখ টাকা। কিন্তু তাকে দেয়া হয়েছে মাত্র ৮ লাখ টাকা। গুলবাদিন নাইব পাবেন ২৭ লাখ টাকা।

ফিকার এমন অভিযোগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী ক্রিকইনফোকে জানায় তারা টাকাটা মিটিয়ে দেয়ার চেষ্টা করছে। তিনি বলেন, ‘বিষয়টিকে আমরা গুরুত্বের সঙ্গেই দেখছি। কারণ এক্ষেত্রে বিসিবিও পরোক্ষভাবে দায়ী। আমরা খেলোয়াড়দের এজেন্টের মাধ্যমে জানতে পেরেছি যে কিছু ফ্র্যাঞ্চাইজি ২০১৮-১৯ মৌসুমের টাকা পরিশোধ করেনি। আমরা খেলোয়াড় এবং ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলে টাকার ব্যাপারে আসল তথ্য জানার চেষ্টা করছি। অর্থ পরিশোধ না করায় ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে আইনি পদক্ষেপও শুরু করেছি।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির উপর অভিযোগ আছে তারা বিশ্বকাপে পাওয়া অর্থ ক্রিকেটারদের বুঝিয়ে দেয়নি। কিন্তু এটি তারা অস্বীকার করেছে। বিসিবি কিছুদিন দেরি হলেও সব বুঝিয়ে দেয়া হয়েছে।

এই ব্যাপারে নিজামউদ্দিন বলেন, ‘টাকাটা দিতে আমাদের খানিক দেরি হয়েছে। তবে আমরা পুরোটাই পরিশোধ করেছি। বিসিবি সাধারণত বাড়তি কিছু টাকা যোগ করে দেয় এটার সঙ্গে। ফলে আইসিসি প্রাইজমানি আমাদের কাছে আসলে পরেই সেটা বণ্টন করে থাকি। এবার কিছুটা দেরি হয়েছে। তবে গত কয়েক বছরের মতো সবাইকেই ঠিকঠাক মতো বুঝিয়ে দেয়া হয়েছে।’

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »