ম্যানচেস্টার টেস্টে একের অধিক স্পিনার খেলানোর ভাবনায় পাকিস্তান

নিউজ ডেস্ক »

ম্যানচেস্টারে বুধবার স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্টে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে পাকিস্তান। ইংলিশ কন্ডিশন পেস সহায়ক হলেও প্রথম টেস্টে বাড়তি স্পিনার একাদশে রাখার কথা ভাবছে সফরকারীরা।তবে আবহাওয়ার অবস্থা স্পিনারদের সুবিধা দিবে এই ভাবনায় প্রথম টেস্টে পাকিস্তানি একাদশে দেখা যেতে পারে দুই স্পিনার।

ইংল্যান্ডের বর্তমান আবহাওয়া স্পিনারদের সহায়ক হবে বলে মনে করেন পাকিস্তানের কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ উল হক। আর তাই হয়তো একাদশে দেখা মিলতে পারে ইয়াসির শাহ-কাশিফ ভাট্টিদের একসাথে।

২০ জনের প্রাথমিক স্কোয়াড থেকে আজ মঙ্গলবার সিরিজের প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যর দল ঘোষণার কথা রয়েছে পাকিস্তানের। ইয়াসির শাহ, শাদাব খান ও কাশিফ ভাট্টি স্পিনার হিসেবে স্কোয়াডে থাকলেও প্রথম টেস্টে ইয়াসির শাহের সাথে দেখা যেতে পারে কাশিফ ভাট্টিকে। এমন পেস কন্ডিশনে একের অধিক স্পিনার খেলানোর সিদ্ধান্ত অবশ্যই চ্যালেঞ্জিং।

সোমবার ভিডিও কনফারেন্সে মিসবাহ জানালেন, এবার দুই স্পিনার খেলানোর ভাবনা তাদের আছে। তিনি বলেন, ‘দুইজন স্পিনার খেলানো হবে কিনা, এই সিদ্ধান্ত নেওয়ার আগে আজ এবং কাল আমরা পিচ ও আবহাওয়ার অবস্থার ওপর নজর রাখব।’

তিনি আরো বলেন, ‘এই সম্ভাবনা আছে (দুই স্পিনার খেলানো) এবং আমাদের জন্য বেশ উৎসাহব্যঞ্জক ব্যাপার। এই মুহুর্তে পিচ ও আবহাওয়া আমাদের সহায়ক হতে পারে, তবে জিততে হলে পরিকল্পনা সঠিকভাবে কাজে লাগাতে হবে’।

প্রায় ১১৭ দিন পর উইন্ডিজ-ইংল্যান্ডের মধ্যে তিন টেস্টের সিরিজ দিয়ে ক্রিকেট মাঠে ফিরে। আর উপমহাদেশের প্রথম দল হিসেবে ক্রিকেটের লড়াইয়ে ফিরছে পাকিস্তান। প্রায় অনেকটা আগে পৌঁছেই কন্ডিশনের সাথে মানিয়ে নিতে খেলেছেন নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচও।

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও প্রস্তুতি যা হয়েছে, তাতে সন্তুষ্ট মিসবাহ। তিনি আরও বলেন, ‘সব মিলিয়ে, দলের প্রস্তুতিতে আমি খুশি। তিন মাস ক্রিকেট থেকে দূরে থাকার পর আমাদের শূন্য থেকে শুরু করতে হয়েছিল। দলের অবস্থা ভালো এবং আসন্ন সিরিজে ভালো করার ব্যাপারে আমরা আশাবাদী।’

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »