নিউজ ডেস্ক »
কিছুদিন আগেই করোনামুক্ত হন মাশরাফি। তারপরই আবারো নেমে পড়েছেন জনকল্যাণমূলক কাজে। এরই ধারাবাহিকতায় ভিন্নমত ভিন্নপথ, সবাই মিলে একহাত’ এ শ্লোগানকে সামনে রেখে রোববার বেলা ১১টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে জনতার মুখোমুখি হন সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজা। নড়াইল জেলা ছাত্রলীগের সহযোগিতায় প্রায় ৪০ টি শ্রেণী-পেশার মানুষ নিয়ে তিন ঘন্টা ব্যাপি এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ম্যাশ।
নিজ উদ্যোগেই এমন অনুষ্ঠানের আয়োজন করেন ম্যাশ। অনুষ্ঠানে দুর্নীতি নিয়ে অনেক প্রশ্ন উঠলে একে একে সবার প্রশ্নের উত্তরই দেন ম্যাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা এবং পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু।
বিভিন্ন প্রশ্নের জবাবে মাশরাফী বলেন, ‘বেশিরভাগ শিক্ষিত মানুষই দুর্নীতির সঙ্গে জড়িত। আপনারা যারা সমাজের তৃণমূল পর্যায়ে নিরলসভাবে কাজ করে চলেছেন দেশ প্রেমিক আপনারাই। আপনাদেরকে স্যালুট জানাই। জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার দায়িত্ব আপনার আমার সবার’।
ম্যাশ আরো বলেন , ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সোনার বাংলায় গড়ে তুলতে নিরলস কাজ করে চলেছেন। আসুন আমরা দু’হাত বাড়িয়ে তার উন্নয়নের জোয়ারকে এগিয়ে নিয়ে যাই’।
নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, লোহাগড়া পৌর মেয়র আশরাফুল আলম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উত্তম ঘোষ, জেলা আওয়ামী লীগের বিগত কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফিজ খান মিলন, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিকসহ অর্ধ শতাধিক ব্যক্তি সাংসদ ম্যাশের কাছে নানা বিষয়ে প্রশ্ন রাখেন এবং ম্যাশ একে একে তাদের কথার উত্তর প্রদান করেন।
কিছুদিন আগেই সুস্থ হন করোনা মহামারী থেকে। এরপরই আবারো নেমে পড়েন এলাকার উন্নয়ন আর জনকল্যাণমূলক কর্মকান্ডে। এবার দুর্নীতি নিয়েও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রশ্নের জবাব দিলেন ম্যাশ।
নিউজক্রিকেট/এইচএএম
