সন্তান জন্মের দু’দিন পরেই পরপারে নারী ক্রিকেটার তিন্নি

নিউজ ডেস্ক »

দু’দিন আগেই মা হয়েছিলেন আর দু’দিন পরেই সদ্য জন্ম দেওয়া সন্তানকে রেখে পরপারে পাড়ি জমালেন নারী ক্রিকেটার সুরাইয়া জান্নাতি তিন্নি। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। শ্বাসকষ্ট ও উচ্চরক্তচাপ জনিত সমস্যায় মারা যান তিনি। যশোরের ধর্মতলার সুজলপুরের তিন্নি ২৮ই জুলায় ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দেন। আর তার দু’দিন পরে না ফেরার দেশে চলে গেলেন এই ক্রিকেটার।

ক্রিকেটের প্রতি ছিলো অসীম প্রেম। ছিলেন যশোর জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়। ক্লেমন ক্রিকেট একাডেমির প্রথম নারী কোচ হিসেবেও কাজ করেন তিনি। এছাড়া ঢাকার প্রথম বিভাগে কলাবাগান ক্রীড়া চক্র এবং প্রিমিয়ার ক্রিকেটে বাংলাদেশ আনসার ভিডিপি দলের হয়ে খেলতেন। পরে ক্রিকেট কোচিংয়ের সঙ্গে নিজেকে জড়িত করেছিলেন। যশোরের ক্রিকেট কোচ হিসেবে জনপ্রিয়তা লাভের পর পেয়েছিলেন যশোর শহরের তারা প্রসন্ন (এমএসটিপি) বালিকা বিদ্যালয়ের ক্রিকেট দলের কোচের দায়িত্ব। কিন্তু তার সব স্বপ্ন অধরাই রয়ে গেলো।

এক সংবাদমাধ্যমে তিন্নির বড় ভাই মোহাম্মদ শোভন অভিযোগের সুরে বললেন- ‘আমি নিশ্চিত আমার বোন ডাক্তারদের অবহেলার শিকার হয়েছে। তার শ্বাসকষ্ট দেখে এত করে ডাক্তারদের বললাম, কিন্তু তারা তো পাত্তাই দিলেন না। বললেন, বাচ্চা হওয়ার সময় অমন নাকি হয়ই। উল্টো ডাক্তার আমাকে বকাবকি করলেন। কিন্তু আমি তো আমার বোনকে হারিয়ে ফেললাম।’

শুধু ক্রিকেটেই সীমাবদ্ধ ছিলেন না তিন্নি, পছন্দ করতেন সাইক্লিংও। তার সমসাময়িক নারী ক্রিকেটার সাথিরা জাকির জেসি বলছিলেন ‘খুব ভালো ক্রিকেট খেলতো মেয়েটি। প্রিমিয়ারে আমি ওর খেলা দেখেছি। প্রতিভাবান একটা মেয়ে এভাবে হারিয়ে গেল, খুবই কষ্ট লাগছে।’

২৮ই জুলাই সন্তান জন্মের পর থেকে তার শারীরিক অবস্থা ভালো ছিলো না। ৩১শে আগস্ট অবস্থার আরো অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার চেষ্টা করলেও সব চেষ্টা বিফলে দিয়ে ওই রাতেই পরপারে পারি জমান তিনি। তার এমন মৃত্যুতে পরিবারসহ বন্ধু মহলে নেমে এসেছে শোকের ছায়া।

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »