উইলির বোলিং তোপে বিধ্বস্ত আইরিশরা, ইংল্যান্ডের সহজ জয়

নিউজ ডেস্ক »

করোনা পরবর্তী প্রথম ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সাউদাম্পটনের রোজ বোলে আয়ারল্যান্ডের মুখোমুখি হয় স্বাগতিক ইংল্যান্ড। উইলির বোলিং তোপে অল্প রানেই গুটিয়ে যায় আইরিশরা, প্রথম ওয়ানডেতে ৬ উইকেটের জয় পেলো স্বাগতিক ইংল্যান্ড।

রোজ বোলে টসে জিতে আইরিশদের প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ইংলিশরা। উইলির বোলিং তোপে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে সফরকারীরা। মাত্র ২৮ রানেই ৫ উইকেট হারিয়ে সর্বনিম্ন রানের রেকর্ডের লজ্জা হাতছানি দিচ্ছিলো আইরিশদের সামনে ।

কেভিন ও’ব্রায়ান ও অভিষিক্ত কার্টিস ক্যাম্পফেরের ৬১ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামলে ওঠে আয়ারল্যান্ড। তবে দলীয় ৭৯ রানেই একি ওভারে ও’ব্রায়ান ও সিমি সিং ফিরলে দলীয় শতকের পূর্বেই অলআউট হবার সম্ভাবনা দেখা দেয়। তবে ৮ম উইকেট জুটিতে ক্যাম্পফেরে ও এন্ডি ম্যাকব্রাইনের ৬৬ রানে মান বাঁচে আইরিশদের। ম্যাকব্রাইন ব্যক্তিগত ৪০ রানে ফিরলেও ক্যাম্পফের তুলে নেন নিজের অভিষেক ফিফটি। ক্যাম্পফের একপ্রান্ত আগলে রাখলেও আরেক প্রান্তে দ্রুত উইকেট পড়লে মাত্র ১৭২ রানেই গুটিয়ে যায় আইরিশদের ইনিংস। ১১৮ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন ম্যাকব্রাইন।

ইংল্যান্ডের পক্ষে উইলি নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট শিকার করেন। উইলি ৮.৪ ওভারে ২ মেডেন সহ ৩০ রানে নেন ৫ উইকেট।আরেক পেসার সাকিব মাহমুদ ২টি, টম কারান ও আদিল রাশিদ নেন ১ টি করে উইকেট।

জবাবে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই দ্রুতগতিতে রান তুলতে থাকে ইংলিশরা। তবে দ্রুত রান তোলার প্রতিযোগিতায় উইকেট হারাতে থাকলে এক পর্যায়ে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৭৮ রান। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি! দীর্ঘদিন পর সুযোগ পাওয়া স্যাম বিলিংসের হার না মানা ফিফটি ও অধিনায়কের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২২.১ ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ইংলিশরা। বিলিংস ১১ চারে ৫৪ বলে ৬৭ ও মরগান ৪ চার ও ২ ছয়ে ৪০ বলে ৩৬ রানে অপরাজিত ছিলেন।আইরিশদের পক্ষে ক্রেইগ ইয়াং ৮ ওভারে ৫৬ রানে নেন ২ উইকেট।

করোনা পরবর্তী প্রথম ওয়ানডেতেই ৬ উইকেটের জয় তুলে নিলো স্বাগতিক ইংল্যান্ড। সিরিজ জয়ের লক্ষ্যে ১লা আগস্ট আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে ইংলিশরা, অপরদিকে সিরিজ সমতায় ফেরাতে মরিয়া আইরিশরা।

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »