জাতীয় দলে ফিরতে এবার বোলিংয়ে মনোযোগ দিচ্ছিঃ আরিফুল

সাকিব শাওন »

ছোটবেলা থেকেই পাড়ার এ গ্রাম থেকে অন্য গ্রামে ক্রিকেট খেলে বেড়াতেন আরিফুল হক। শহীদ আফ্রিদিকে দেখে বড় ক্রিকেটার হওয়ার ইচ্ছাটা ভেতরে জেগে বসে তার। লক্ষ্য রেখেছেন একদিন বড় খেলোয়াড় হবেন। সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন একটু একটু করে এগিয়ে গিয়েছেন লক্ষ্য পূরণের দিকে এরপর বিপিএলের আসরে নিজেকে প্রমাণ করে নজরকাড়া পারফরম্যান্স দিয়েই জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন আরিফুল হক। ২০১৮ সালে টি-২০ ক্রিকেটের মধ্যে দিয়ে জাতীয় দলে অভিষেক ঘটে তার। এরপর জাতীয় দলের হয়ে খেলেছেন ২ টেস্ট ১ ওয়ানডে এবং ৯ টি-২০। যোগ্যতা অনুযায়ী নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি আরিফুল। সে কারণে বাদও পড়েছেন জাতীয় দল থেকে।

বর্তমানে করোনা ভাইরাস বা কোভিড-১৯ এর কারণে মাঠের ক্রিকেটাররা সবাই এখন ঘরবন্দী অবস্থায় রয়েছেন। আর এই অবসর সময়টাতে নিউজ ক্রিকেট ২৪ ডটকমের প্রতিবেদক সাকিব শাওনের সাথে নিজের বর্তমান ক্যারিয়ার,  ক্রিকেটের বিভিন্ন দিক এবং সাথে নিজের ক্রিকেটে আসার গল্প বলেছেন আরিফুল হক।

নিউজ ক্রিকেটঃ কোয়ারেন্টাইনের সময়ে কি
করছেন?

আরিফুল হকঃ বাসার ভিতরেই থাকছি, সবসময় তো বাসার বাইরেই থাকা হয় এখন ত খেলা নেই এজন্য এই সময়টাই পরিবারকে দিচ্ছি।

নিউজ ক্রিকেটঃ ঘরবন্দী অবস্থায় নিজের ফিটনেস ঠিক।রাখার জন্য কি কাজ করছেন?

আরিফুল হকঃ আপাতত ফিটনেসের জন্য আলাদা করে কোন কাজ করছি না। তবে প্রতিদিন সকাল ১১টার দিকে ৩০ মিনিট করে এলাকার রাস্তাতেই একটু দৌড়াদৌড়ি করি। আর খাওয়া-দাওয়া নিয়ম করে সঠিক সময়ে খাই। যেটাই খাই অল্প পরিসরে।

নিউজ ক্রিকেটঃ ক্রিকেটের প্রতি ভালোবাসাটা শুরু কিভাবে?

আরিফুল হকঃ ছোট বেলায় এলাকা ভিত্তিক খেলা হতো। সেখানে আমি তখন খুব ভালো খেলতাম এজন্য বড় ভাইয়েরা খুব পছন্দ করতো আমাকে। আর এই ভালো খেলার কাছে বড় ভাইরা আমাকে বিভিন্ন জায়গাই খেলার জন্য নিয়ে যেতো।

নিউজ ক্রিকেটঃ গ্রামের আরিফুল থেকে জাতীয় দলের ক্রিকেটার আরিফুল হওয়ার পিছনের গল্প কি?

আরিফুল হকঃ আসলে এলাকাতে যখন ভালো খেলতে শুরু করলাম তখন আমি ভাবলাম আমার দ্বারা ক্রিকেট হবে তখনই আমি রংপুর ক্রিকেট একাডেমীতে ভর্তি হই। প্র্যাকটিসের সাথে স্কুল ক্রিকেটও চালিয়ে যেতে লাগলাম। তারপর ভাবলাম যে না আমি বিকেএসপিতে ভর্তি হবো তখন আমি আর নাসির দুজন একসাথে এসে বিকেএসপিতে ভর্তি হই যেহেতু আমরা একই এলাকার ছিলাম। এরপর অনূর্ধ্ব-১৯, লিস্ট এ, বিপিএল তারপর জাতীয় দল। মূলত বিপিএলে ভালো করার কারণে জাতীয় দলে ডাক পাই, সাথে আল্লাহ সহায় ছিলেন বলেই আজকে এ পর্যন্ত আসতে পেরেছি।

নিউজ ক্রিকেটঃ প্রিমিয়ার লিগে আপনার একটা ডাবল সেঞ্চুরি আছে সেটা কিভাবে মূল্যায়ন করেন?

আরিফুল হকঃ ডাবল সেঞ্চুরি করার পর অন্যরকম একটা অনুভূতি হচ্ছিলো কারণ ক্যারিয়ারে ডাবল সেঞ্চুরি করলে সেটার আলাদা একটা মূল্যায়ন সবসময় থাকে তবে ঐ ইনিংসটি আরো বড়ো করার ইচ্ছা ছিলো। রকিবুল ভাইয়ের ৩১৩ রানের নান্দনিক ইনিংসকে পাড়ি দেওয়ার স্বপ্ন দেখছিলাম পরে সেটা হয় নি আর কি। পরবর্তীতে কিছুদিন আগে তামিম ভাই তো সে রানকে টপকে গেলেন।

নিউজ ক্রিকেটঃ জাতীয় দলের স্কোয়ার্ডে প্রথম
যেদিন নিজের নাম দেখলেন সেদিনকার অনুভূতি কেমন।ছিলো?

আরিফুল হকঃ এটা শুধুমাত্র আমিই জানি, অনুভূতি এমন একটা জিনিস যা বলে বা লিখে প্রকাশ করা যায় না।।মনে হয়েছিলো এতদিনের হাড়ভাঙা পরিশ্রম সার্থক।

নিউজ ক্রিকেটঃ অনেকদিন ধরেই তো দলের বাইরে আছেন ড্রেসিং রুমকে কতটা মিস করেন?

আরিফুল হকঃ অনেক মিস করি, সেটা বলে প্রকাশ করা যাবে না। যখন দলে ছিলাম তখন ড্রেসিংরুমে আমরা সবাই খুবই মজা করতাম বিশেষ করে রিয়াদ ভাই মাশরাফি ভাই তারা জমিয়ে রাখতো সবসময় এখন সেটা অনেক মিস করি।

নিউজ ক্রিকেটঃ দলের কোন পজিশনে ব্যাটিং করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন?

আরিফুল হকঃ সত্যি বলতে ছোট বেলা থেকেই হিট করে খেলতে আমার বেশি পছন্দ সে কারণে সিঙ্গেল নেওয়া থেকে ডাবল নেওয়াটাই বেশি ভালো লাগে সে কারণে দেখা যাচ্ছে আমার ৬/৭ নাম্বারে খেলতেই বেশি ভালো লাগে। আর বিশেষ করে শেষের দিকের উত্তেজনাটা আমি চাপ নয় বরং উপভোগ করি।

নিউজ ক্রিকেটঃ বিপিএল থেকেই তো আপনি আলোচনায় আসেন। অনেক ম্যাচও খেলেছেন। কোন ম্যাচটি আপনার কাছে সেরা মনে হয়েছে?

আরিফুল হকঃ হ্যাঁ বিপিএলের মাধ্যমেই আমি পরিচিতি লাভ করি সেখানে ভালো করেই দলে সুযোগ পেয়েছিলাম। বিপিএলে আমি ৩/৪ টা ম্যাচ জিতিয়েছি। তার মধ্যে রাজশাহীর সাথে একটা ম্যাচ আছে সেখানে এক ওভারে ৯ লাগতো সেই ম্যাচ আমি জিতিয়ে মাঠ ছাড়ি আর সে জন্য ঐ ম্যাচটি অনেক স্মরণীয় আমার কাছে।

নিউজ ক্রিকেটঃ যদি আপনাকে বলা হয় ওডিআইতে পছন্দের ক্রিকেট একাদশ গঠন করতে আর সেই একাদশের অধিনায়ক হিসেবে আপনি কাকে নির্বাচিত করবেন?

আরিফুল হকঃ অনেক কঠিন একটা প্রশ্ন, আসলে অধিনায়ক হিসেবে অনেক ক্রিকেটারই সফলতা অর্জন লাভ করেছে তবে আমার পছন্দের ওডিআই একাদশে আমি মহেন্দ্র সিং ধোনীকে অধিনায়ক করবো। কারণ সে খুবই বুদ্ধিমান একজন অধিনায়ক। মাঠের ভেতরের সিদ্ধান্ত গুলো খুবই ঠান্ডা মেজাজে নিতে সক্ষম হয়।

নিউজ ক্রিকেটঃ আপনি তো ব্যাটসম্যান হিসেবে দলে আসেন আর সব ব্যাটসম্যানের ই ত একজন পছন্দের ব্যাটসম্যান থাকে সেক্ষেত্রে আপনার কে?

আরিফুল হকঃ টেস্ট,ওয়ানডে, এবং টি-২০ সব ফরম্যাটের।জন্য আলাদা পছন্দ থাকলেও আমি সবসময় শেন ওয়াটসন কে পছন্দ করি। উনাকে ফলো করি সবসময়ের জন্য যদিও জাতীয় দল থেকে অবসর গ্রহণের কারণে এখন লিগের খেলা ছাড়া তাকে মাঠে দেখা যায় না।

নিউজ ক্রিকেটঃ অনেক অধিনায়কের নেতৃত্বেই
খেলেছেন তো আপনার কাছে মাঠের মধ্যে সবচেয়ে বেশি সিরিয়াস কোন অধিনায়ক কে মনে হয়েছে?
আরিফুল হকঃ সত্যি কথা বলতে সাকিব আল হাসান। কারণ সাকিব ভাই খুবই সিরিয়াস থাকে মাচের প্রথম বল থেকে শেষ বল পর্যন্ত।

নিউজ ক্রিকেটঃ ব্যাটসম্যান হিসেবে কোন বোলারের বল খেলতে অসুবিধা বোধ করেন?

আরিফুল হকঃ মোস্তাফিজ, কারণ ওর কাটার আমি বুঝতে পারিনা যে জন্য ওর বলে ব্যাট করতে আমার সমস্যা হয়।।শুধু আমার না এমন অনেকেরই সমস্যা হয় ওর বল খেলতে।

নিউজ ক্রিকেটঃ আবার জাতীয় দলে ফেরার জন্য কি পরিকল্পনা করছেন?

আরিফুল হকঃ হ্যাঁ দলে ফেরার জন্য তো পরিকল্পনা করছি। সেক্ষেত্রে আমি ব্যাটিং করার পাশাপাশি। বোলিংয়েও সমান মনোযোগ দিচ্ছি। কারণ উভয় ক্ষেত্রেই যদি সমানভাবে নিজেকে প্রমাণ করতে পারি তাহলে জাতীয় দলে ফেরা আবার আমার জন্য সহজ হবে। মূল কথা পারফরম্যান্স করতে হবে।

নিউজ ক্রিকেটঃ দেশের মধ্যে আপনার পছন্দের
ক্রিকেটার কে?

আরিফুল হকঃ মুশফিকুর রহিম। বর্তমান সময়ে মুশফিক ভাই আগের তুলনায় অনেক অনেক ভালো করছেন। এমনকি মুশফিক ভাইয়ের বিপক্ষে আমি বল করতে অসুবিধা বোধ করি কারণ উনি মাঠের চারিদিকে সমান ভাবে খেলার যোগ্যতা রাখেন।

নিউজ ক্রিকেটঃ বাংলাদেশ ক্রিকেটের সেরা জয় কোনটি বলে মনে করেন?

আরিফুল হকঃ আমার কাছে মনে হয় বাংলাদেশ-
নিউজিল্যান্ড সিরিজের একটি ম্যাচে বাংলাদেশ ৩
রানে জয়লাভ করে। রুবেল ভাইয়ের ওভারের তৃতীয় বলে কাই মিলসকে বোল্ড আউট করে ম্যাচটি জয়লাভ করে বাংলাদেশ, ঐ ম্যাচটাই আমার কাছে সেরা ম্যাচ মনে হয়।

নিউজ ক্রিকেটঃ নিউজ ক্রিকেট ২৪ ডটকমের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।

আরিফুল হকঃ আপনাকেও অনেক ধন্যবাদ এবং একইসাথে নিউজ ক্রিকেটের সকল পাঠকদের জানাই শুভেচ্ছা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »