ই-পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে কিউই ক্রিকেট বোর্ড

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সারা বিশ্বের মত লকডাউন চলছে নিউজিল্যান্ডে। আর তাই নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড মৌসুমের সেরা ক্রিকেটারদের পুরষ্কিত করতে প্রথমবারের মত ইলেক্ট্রনিক মিডিয়ার মাধ্যমে ২০২০ সালের বার্ষিক ক্রিকেট পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে।

কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে এই অনুষ্ঠানটি। আগামী ২৮শে এপ্রিল মঙ্গলবার থেকে শুরু হয়ে এই অনুষ্ঠান চলবে ১লা মে শুক্রবার পর্যন্ত। প্রতিদিন এক বা একাধিক পুরষ্কার প্রদান করা হবে।

মঙ্গলবার দেওয়া হবে ক্রিকেটে অসামান্য সেবা প্রদানের জন্য “বার্ট সাটক্লিফ” পদক। সাবেক কিউই পেসার ইওন চ্যাটফিল্ড গত বছর এটি জিতেছিল। প্রথম শ্রেণির ব্যাটিংয়ের জন্য ‘রেডপথ কাপ’ পুরষ্কার পরের দিন দেওয়া হবে। এই পুরষ্কারটির জন্য মনোনিত হয়েছেন কেন উইলিয়ামসন। প্রথম শ্রেণির বোলিংয়ের ‘উইনসর কাপ’ বুধবার দেওয়া হবে যা ট্রেন্ট বোল্ট ২০১৮-১৯ মৌসুমে জিতেছিলেন।

সীমিত ওভার ক্রিকেটের পুরষ্কার প্রদান করা হবে ৩০শে এপ্রিল।গত মৌসুমে পুরুষ বিভাগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং ওডিয়াই ক্রিকেটে সেরা ক্রিকেটার হয়েছেন কলিন মুনরো এবং রস টেইলর। সেরা আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটার এবং রিচার্ড হ্যাডলি মেডেল প্রদান করা হবে আগামী পহেলা মে শুক্রবার। পুরস্কার দুইটি গত মৌসুমে জিতে নিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

পুরষ্কারের অনুষ্ঠানটি তাদের ইউটিউব চ্যানেল সহ নিউজিল্যান্ড ক্রিকেটের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদর্শিত হবে এবং মঙ্গলবার থেকে প্রতিদিন সকাল ১১টা (নিউজিল্যান্ডের সময়) থেকে শুরু হবে।

নিউজক্রিকেট২৪/ এমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »