নিউজ ডেস্ক »
রোববার (১৯’শে এপ্রিল) রাতে ইমরুল কায়েসের বাবা মারা যাওয়ায় গতকালই লাশ নিয়ে ঢাকা থেকে নিজ বাড়ি মেহেরপুরে যান ইমরুল কায়েস ও তার পরিবার। আজ (২০’শে এপ্রিল) দাফন শেষে সপরিবারে হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেন মেহেরপুর জেলার সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন।
গত ২৩’শে মার্চ এক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকার এক বেসরকারী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গতকাল (১৯’শে এপ্রিল) রাতে ইন্তেকাল করেন ইমরুল কায়েসের বাবা মোহাম্মদ বনী আমিন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। গতকাল রাতেই দাফনের জন্য নিজ বাড়ি মেহেরপুরের উদ্দেশ্য রওনা দেন ইমরুল কায়েস।
সোমবার সকালে মেহেরপুরে পৌঁছে দুপুরে নিজ বাড়িতেই জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় সরকারি নির্দেশনা মেনেই সামাজিক দূরত্ব বজায় রেখে পরিবারের লোক নিয়েই জানাজা অনুষ্ঠিত হয়। এসময় ইমরুল কায়েস তার বাবার রুহের মাগফেরাত কামনা করার পাশাপাশি সকলকে নিয়ে জানাজা আদায় না করতে পেরে দুঃখ প্রকাশ করেন।
এদিকে মেহেরপুর জেলার সিভিল সার্জন নাসির উদ্দিন বলেন,‘ সরকারের নির্দেশনা অনুযায়ী ইমরুল কায়েস ও তার পরিবার কোয়ারেন্টাইনে আছেন। যেহেতু তিনি ঢাকা থেকে এসেছেন তাই পরিবারের সবাইকে নিয়ে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। তিনি এখন গ্রামের বাড়িতে কোয়ারেন্টিনে আছেন।’
নিউজ ক্রিকেট২৪ / কেএমএএইচ
