নিউজ ডেস্ক »
করোনা ভাইরাস মোকাবেলায় টিম বয় ও ম্যাসাজ ম্যানদের সাহায্যে আবার এক হলেন বাংলাদেশ ক্রিকেটের পাঁচ অভিজ্ঞ ক্রিকেটার।
মহামারী রূপ ধারণ করা করোনা ভাইরাসের কারণে বর্তমানে দেশের সব ধরনের ক্রিকেট অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়ে আছে। এ কারণে টিম বয়, ম্যাসাজ ম্যানদের আয়-রোজগার একপ্রকার নেই বললেই চলে। অর্থ কষ্টে ভুগছে তারা। তাদের অবস্থার কথা চিন্তা করে এক হলেন বাংলাদেশ ক্রিকেটের পাঁচ অভিজ্ঞ ক্রিকেটার। মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল ও সাকিব আল হাসান প্রত্যেকেই ১ লাখ টাকা করে সাহায্য দিচ্ছেন টিম বয় ও ম্যাসাজ ম্যানদের জন্য।
নিজেদের এই মহৎ উদ্যোগ নিয়ে মুশফিক প্রথম আলো পত্রিকাকে জানিয়েছেন, ‘আমরা পাঁচজন মিলে প্রায় ৫০ জনের মতো টিম বয় ও ম্যাসাজ ম্যানদের জন্য ছোট আকারে সাহায্য করছি। যারা বিভিন্ন সব ক্লাব, ক্রিকেট দল গুলোর সঙ্গে যুক্ত রয়েছে। তাদের সবাইকে আমরা ৫ লাখ টাকা দিচ্ছি। আপাতত তাদের ছোট আকারে সাহায্য করছি। এখন তো খেলা নেই, আর খেলা না থাকলে তাদের আয়ের সকল উৎস ও বন্ধ থাকে।’
করোনা ভাইরাস মোকাবেলায় শুরু থেকেই সুবিধাবঞ্চিত সকল মানুষদের সাহায্যে এগিয়ে এসেছেন বাংলাদেশের অধিকাংশ সব ক্রিকেটাররা। কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগে, আবার কেউ দলগতভাবে এক হয়ে অসহায় গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন।
নিউজক্রিকেট/এসএস
