আইপিএল নিয়ে নাটক চলছেই!

নিউজ ডেস্ক »

করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয় আইপিএল। দিন দুয়েক আগে সংবাদ বেড়িয়েছিল আইপিএল শ্রীলঙ্কায় হওয়ার ব্যাপারে। কিন্তু বিসিসিআই বলছে তারা কিছু জানে-ই না এই ব্যাপারে।

আইপিএল মানেই টাকার ঝলক। বিশ্বের সব চেয়ে বড় ক্রিকেট লীগ এটি। এর আর্থিক ব্যাপার গুলোও এমন। বিশ্বের সব বড় বড় খেলোয়াড় মুখিয়ে থাকেন এই ফ্র‍্যাঞ্চাইজি ভিত্তিক লীগের জন্য। এবছর ২৯শে মার্চ থেকে শুরুর কথা ছিলো। কিন্তু করোনাভাইরাসের কারণে তা আর সম্ভব হয়নি। পরবর্তী তারিখ দেয়া হয় ১৫ এপ্রিল। কিন্তু শেষে বিসিসিআই অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করে দেয়।

এমন অবস্থায় দিন দুয়েক আগে খবর বের হয় শ্রীলংকায় এইবারের আইপিএল হওয়ার সম্ভাবনা আছে৷ শ্রীলঙ্কা বিসিসিআইয়ের নিকট একটি প্রস্তাব পাঠায়। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড প্রধান শ্রীলঙ্কার এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘আইপিএল অনেক বড় একটি আয়োজন। এটি যদি বাতিল হয় তাহলে ভারতীয় বোর্ড আর সব স্টেকহোল্ডাদের মিলে প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি ক্ষতি হবে। শ্রীলঙ্কায় আইপিএল আয়োজন করলে ভারতীয় সমর্থকরা টিভির মাধ্যমে আইপিএল দেখতে পাবেন। এতে করে সবার ভালো। এখন করোনা মোকাবেলায় ভারতের চেয়ে শ্রীলঙ্কা অনেক এগিয়ে আছে। আমরা তাদের প্রস্তাব দিয়েছি। এখন দেখা যাক তাদের সাড়া কি রকম থাকে।’

তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্য সুর। তাদের এক বোর্ড কর্মকর্তা বলছেন তারা শ্রীলঙ্কান বোর্ড থেকে এমন কোনো প্রস্তাব পাননি। আর তারা এখন পুরো বিশ্বের এই অবস্থায় আইপিএল নিয়ে মন্তব্য করতে রাজি নন।

এই ব্যাপারে তিনি বলেন, ‘শ্রীলঙ্কান বোর্ড থেকে আমরা এখনো কোনো প্রস্তাব পায়নি। অফিশিয়াল কিছু এখনো হয়নি। আইপিএলের ব্যাপারে তাদের সাথে কোনো আলোচনা হয়নি। তবে আমরা পুরো বিশ্বের অবস্থা চিন্তা করে এখনি কোনো মন্তব্য করার অবস্থানে নেই।’

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »