নিউজ ডেস্ক »
বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি বেতন পাবেন না। মূলত এখন ক্রিকেট বন্ধ থাকায় বেতন পাবেন না তিনি।
২০১৯ সালের মাঝামাঝিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন কোচ হিসেবে দায়িত্ব পান নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টরি৷ তাকে ১০০ কাজের দিন হিসেবে চুক্তি করা হয়। যতদিন কাজ করবেন ততদিন মিলে তার এই ১০০ দিন সম্পূর্ণ হবে।
করোনাভাইরাসের কারণে এখন সব ক্রিকেট বন্ধ আছে। বন্ধ দেশের সব ঘরোয়া লিগও। নেই কোনো অনুশীলন। যার কারণে এখন ড্যানিয়েল ভেট্টরি কাজ করতে পারছেন না। তাই চুক্তি হিসেবে তিনি বেতন পাবেন না। এমনটি জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি জানান, ‘ভেট্টরি এখন কোনো টাকা পাবেন না। তিনি যতদিন কাজ করবেন ততদিনের টাকা পাবেন। তার সাথে চুক্তি টাই এমন। যে কোনো পরিস্থিতি হোক তিনি তার কাজ অনুযায়ী বেতন পাবেন।’
তিনি আরো বলেন, ‘তার সাথে আমাদের চুক্তিটা এমন যে তিনি আমাদের দলের সাথে বছরে ১০০ দিন কাজ করবেন। প্রতিদিনের জন্য তিনি বড় একটি এমাউন্ট পান। যতদিন কাজ করবেন ঠিক ততদিনেরই পাবেন। তবে অন্য কোচ আর সাপোর্টিং স্টাফদের ব্যাপারটা এমন না। তারা যেরকম চলছে সেরকম থাকবে।’
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হিসেবে আছেন রাসেল ডোমিঙ্গো, ব্যাটিং পরামর্শ নেইল ম্যাকেঞ্জি ও পেস বোলিং কোচ ওটিস গিবসন।
নিউজক্রিকেট/আরআর
