সাকিবের চোখে বিপদজনক যে তিন বোলার!

নিউজ ডেস্ক »

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যখন ক্যারিয়ার শুরু করেন তখন তার চোখে বিপদজনক বোলার ছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরনে মরকেল। আর স্পিনারদের ভেতরে শ্রীলঙ্কার সাবেক স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরন। অপরদিকে বর্তমান সময়ে সাকিবের চোখে বিপদজনক স্পিনার না থাকলেও রয়েছেন বিপদজনক পেসার। আর সেই পেসারটি ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফরা আর্চার।

সাকিব এ বিষয়ে বলেন, ‘যখন আমি একজন তরুণ ক্রিকেটার ছিলাম মানে ১৯-২০ বছর বয়স তখন একবার দক্ষিণ আফ্রিকায় খেলতে গিয়েছিলাম। সে সময় মরনে মরকেল ছিলো তার ক্যারিয়ারের সেরা ফর্মে। তখন ওর বল ফেস করতে সে সময়ে আমার খুব বিপদজনক মনে হয়েছে। তবে বর্তমানে যদি কোন পেসারের কথা বলতে হয় তবে বলবো জোফরা আর্চার। এই দুই পেসারকে আমার কাছে বিপদজনক মনে হয়।’

সাকিব আরও বলেন, ‘পিচ যদি স্পিন সহায়ক হয় তবে স্বাভাবিকভাবে একটা স্পিনার খুব বিপজ্জনক ফাস্ট বোলারদের থেকে। সেক্ষেত্রে হিসাব করলে অবশ্যই মুরালিধরন এগিয়ে থাকবে। কোন সন্দেহ ছাড়াই তিনি সব থেকে কঠিন স্পিন বোলার যাদের আমি ফেস করেছি।’

শুক্রবার (১৭ এপ্রিল) সাকিব আল হাসান তার ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে ফেসবুক লাইভে এসে বিপদজনক বোলারদের কথা জানান, সাথে করোনা ভাইরাস মোকাবেলার জন্য সবাইকে সহযোগিতার আহবান করেন যাতে করে অসহায় গরিবরা একটু ভালো থাকতে পারে।

নিউজক্রিকেট/এসএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »