নিউজ ডেস্ক »
করোনা ভাইরাসের প্রকোপের শুরু থেক নিজ গ্রামে অসহায় গরিবসহ এর বাইরেও তৃতীয় লিঙ্গের সম্প্রদায়কে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দিয়ে সাহায্য করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন। দুর্যোগপূর্ণ এই সময়ে বেশি কিছু করতে না পারলেও সবসময় অসহায়দের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করছে ক্রিকেটাররা, জানালেন মোসাদ্দেক।
এমন পরিস্থিতিতে ঘর থেকে মানুষের বাইরে বের হওয়ার মূল কারণ খ্যাদ্যের অভাব এমনটাই দাবী মোসাদ্দেকের। তার মতে একমাত্র খাবার সমস্যার সমাধান করা গেলেই মানুষকে ঘরবন্দী করা সম্ভব হবে।
দেশের অসহায় মানুষের কল্যাণের কথা চিন্তা করে ক্রিকেটাররা যে এবারই প্রথম এগিয়ে আসল সেটা নয় উল্লেখ করে মোসাদ্দেক বলেন, ‘এমন ভাবে কিন্তু এগিয়ে আসা এবারই প্রথম নয়। এর আগেও মানুষের যেকোন সমস্যায় ক্রিকেটাররা এগিয়ে আসার চেষ্টা করেছে। সাকিব ভাই তার ফাউন্ডেশন থেকে সাহায্য করছে, মাশরাফি ভাই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, মুশফিক ভাই কাজ করছে। তামিম ভাইও অন্য দুই অধিনায়ককে সাথে নিয়ে চেষ্টা করছে কিভাবে ভালো কাজ করা যায়। আসলে সকল ক্রিকেটারই যে যার নিজস্ব জায়গা থেকে চেষ্টা করছে মানুষের পাশে দাঁড়ানোর। এ ভাইরাস এমন একটা রোগ যে ঘরে বসে প্রতিরোধ করা আর সাবধানতা অবলম্বন করা ছাড়া কোন উপায় নেই।‘
মোসাদ্দেক আরো বলেন, ‘আমি নিজে যদি ঘরের বাইরে না যাই তাহলে আমার পরিবার নিরাপদ থাকবে। আমার পরিবারের সকল সদস্য যদি বাইরে না যায় পুরো পরিবারটা নিরাপদে থাকবে। সুতরাং সবার উচিত নিজের পরিবারের চিন্তাটা আগে করার। পরিবার সুস্থ থাকলে দেশ সুরক্ষিত থাকবে।‘
