ক্রিকেট উপস্থাপনায় আসিনি, আমাকে নিয়ে আসা হয়েছেঃ পিয়া জান্নাতুল

দুর্জয় দাশ গুপ্ত »

শুরুটা মিরপুরে হলেও মাইক্রোফোন হাতে কণ্ঠের জাদু দিয়ে মাতিয়েছেন ক্রিকেটের আঁতুড়ঘর লর্ডসের সবুজ গালিচাও। মাতিয়েছেন বিশ্বকাপের মত বড় মঞ্চ। খেলার সময়টাতে স্ক্রিন মাতিয়ে রাখার মত কঠিন কাজটা শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে। এরপর সময় যত সামনে এগিয়েছে আর পেছন ফিরে তাকাতে হয়নি। বরং জয় করে নিয়েছেন পরবর্তী ধাপগুলোও। বলছিলাম পিয়া জান্নাতুলের কথা।

যারা নিয়মিত ক্রিকেটের খোঁজ-খবর রাখেন, ক্রিকেট সম্পর্কে জানেন তাদের কাছে নামটা বেশ পরিচিত। কেননা পিয়া নিজের শ্রুতিমধুর কণ্ঠ আর ক্রিকেটীয় বিশ্লেষণ দিয়ে তৈরি করে নিয়েছেন ভক্তকূলও। তবে কেবল ক্রিকেট নিয়েই যে আছেন এমনটা কিন্তু ভুল করেও ভাবার উপায় নেই। বরং বলা চলে তার বাকি কাজগুলোর তুলনায় ক্রিকেট উপস্থাপনা যে খুবই ক্ষুদ্র। একাধারে মডেল, অভিনেত্রী, আইনজীবী এরপরেই বলা যেতে পারে ক্রিকেট উপস্থাপিকা।

করোনাভাইরাস বা কোভিড-১৯ এর এই মহামারির সময়টাতে অন্য সবার মত জনপ্রিয় ক্রিকেট উপস্থাপিকা পিয়া জান্নাতুলও আছেন হোম কোয়ারেন্টাইনে। হোম কোয়ারেন্টাইনের সময়টা ঠিক কিভাবে কাটছে পিয়ার এমনটাই জানার চেষ্টা করেছে নিউজ ক্রিকেট ২৪ ডট কম। পিয়া জান্নাতুলের সাক্ষাৎকার নিয়েছেন নিউজ ক্রিকেট ২৪ ডট কমের প্রতিবেদক দুর্জয় দাশ গুপ্ত।

নিউজ ক্রিকেট ২৪ঃ হোম কোয়ারেন্টাইন কেমন কাটছে? কি করছেন বাসায় বসে?

পিয়া জান্নাতুলঃ কোয়ারেন্টাইন খুব ভালোই কাটছে। গত দুই সপ্তাহ ধরে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। প্রতিদিনই সাহায্যের জন্য ইমেইল আসছে, ইমেইলের উত্তর দিচ্ছি। প্রতিদিন প্রায় ৭০০-৮০০ ইমেইল আসে। তাদেরকে সাহায্য করতে হয়, সবকিছুর ব্যবস্থা করতে হয়। এখন সময়টা ভালোই কাটছে। তবে শুরুর দিকটায় গান শুনতাম, গল্পের বই পড়তাম এগুলো এখন আর হচ্ছে না।

নিউজ ক্রিকেট ২৪ঃ ক্রিকেট উপস্থাপিকা হিসেবে শুরুটা কিভাবে হলো? স্পোর্টসের প্রতি ভালো লাগা আগে থেকেই ছিলো কিনা?

পিয়া জান্নাতুলঃ এখন পর্যন্ত আমি কেবল ক্রিকেটের উপস্থাপনা করি। ফুটবলের জন্যও ডাকা হয়েছিলো কিন্তু তখন করা হয়নি কোন একটা কারণে। ক্রিকেট নিয়ে কাজ করতে ভালো তো অবশ্যই লাগে। খেলাধুলার সাথে থাকতে কার না ভালো লাগে। আগে স্টেডিয়ামে যেতাম খেলা দেখতে আর এখন যাই উপস্থাপনা করতে। চমুৎকার এক অভিজ্ঞতা। শুরুটা হয় বিপিএল দিয়ে। ২০১৭ সালে আমার কাছে প্রস্তাব আসে কিন্তু প্রথমে বুঝতে পারছিলাম না করা উচিত হবে কিনা। একটা পেশা থেকে নতুন করে আরেকটা পেশায় গিয়ে কতটা সফলতা পাবো এমন একটা চিন্তা ছিলো। আর এখন পর্যন্ত যা যা করেছি কমবেশি সব জায়গায়ই সফল হয়েছি। এজন্যই একটু সন্দিহান ছিলাম মানুষ আমাকে গ্রহণ করবে কিনা এছাড়াও ক্রিকেট ভালো লাগা আর অভিজ্ঞদের সাথে ক্রিকেট নিয়ে কথা বলায় একটা পার্থক্য আছে।

নিউজ ক্রিকেট ২৪ঃ উপস্থাপনা কতটা উপভোগ করেনঃ

পিয়া জান্নাতুলঃ ক্রিকেট উপস্থাপনা কতটা উপভোগ করি এর চেয়েও বড় কথা আমি কতটা টেনশনে থাকি। এমনকি টেনশনে আমার হাত-পা কাঁপতে থাকে। কারণ বাংলাদেশের খেলা হলে বা অন্য কোন দলের খেলা থাকলে (আমি যেটাকে সাপোর্ট করি) সেই দলের কি হবে এটা নিয়ে টেনশনে থাকি। সাধারণত আমি অনেক টেনশন করি যদিও সেটা বুঝতে দেইনা হোক সেটা আমার ব্যক্তিগত জীবন কিংবা পেশাদারিত্ব। তবে উপভোগের চেয়ে টেনশনটাই বেশি করি।

নিউজ ক্রিকেট ২৪ঃ আগ্রহ কোনটাতে বেশি? ক্রিকেটে না ফুটবলে? যেকোনো একটা বাছাই করতে বললে কোনটাকে বেছে নিবেন?

পিয়া জান্নাতুলঃ এখন পর্যন্ত সবচেয়ে বেশি আগ্রহ ক্রিকেট নিয়েই। কিন্তু ফুটবলও আমি দেখি। ফুটবল লিগগুলো দেখা হয়। ইউরোপীয়ান লিগগুলো দেখি। ভালো লাগে। কারণ আমার স্বামী ফুটবলের বড় ভক্ত। তাই তার সাথে দেখতে দেখতে এখন আমারও ভালো লাগে।

নিউজ ক্রিকেট ২৪ঃ এতকিছু থাকতে ক্রিকেট উপস্থাপনায় কেন আসলেন? বিশেষ কোন কারণ আছে কি?

পিয়া জান্নাতুলঃ আমি উপস্থাপনায় আসিনি। আমাকে নিয়ে আসা হয়েছে। কারণ আমাকে এটাই বলা হয়েছিলো যে ক্রিকেটীয় ইভেন্টে বেশিরভাগ সময়ই দেশের বাইরে থেকে উপস্থাপক আনতে হয়, ভারত থেকে আনতে হয়। তখন বলা হয়েছিলো বাংলাদেশে কি এমন স্মার্ট মেয়ে নেই যে কথা বলতে পারবে, পোষাক ভালো হবে, উপস্থিত বুদ্ধি আছে সবকিছু মিলে। আমাকে ক্রিকেট উপস্থাপনায় নিয়ে আসা হয়েছে, আমি নিজে আসিনি। আর আমি কেবল উপস্থাপনা করি এমন না। আরো অনেক কিছু করি। মডেলিং করি, অভিনয় করি, উপস্থাপনা করি, আমি আইনজীবী, নিজের ব্যবসা আছে।

নিউজ ক্রিকেট ২৪ঃ নিজের লাইভ অনুষ্ঠান তো দেখার সুযোগ হয়না। যখন বাসায় বসে নিজের রেকর্ড করা অনুষ্ঠান গুলো দেখেন কেমন লাগে?

পিয়া জান্নাতুলঃ শুধু উপস্থাপনা বলবো না বাসায় বসে যখন আমার রেকর্ডেড মডেলিং, অভিনয়, সিনেমা, টিভিসি যেটাই দেখিনা কেন আমার ভুলগুলো আমার চোখে চোখে পড়ে। এটা ঠিক ছিলো না বা এটা হয়নি, কনটেন্ট আরো ভালো হতে পারতো এগুলো নিয়েই ভাবি।

নিউজ ক্রিকেট ২৪ঃ বিরাট কোহলি না সাকিব আল হাসান? যেকোনো একজনকে বাছাই করতে হবে।

পিয়া জান্নাতুলঃ বাংলাদেশী হিসেবে অবশ্যই আমি সাকিব আল হাসান বলবো। বিরাট কোহলি আর সাকিব আল হাসান দুজনই বর্তমান সময়ের কিংবদন্তী ক্রিকেটার। খুব ভালো ক্রিকেটে খেলে দুজনই। আলাদাভাবে বলার কিছু নেই। দুজনের ব্যক্তিগত জীবনও যদি দেখি কত সুন্দর ডিসিপ্লিন জীবন তাদের। আমার যেরকমভাবে চাই আমাদের আইকনের কাছে একটা ডিসিপ্লিন জীবন সেটা দুজনেরই আছে। তবে সাকিব আল হাসানকে আমি আগে বেছে নিবো একজন বাংলাদেশী হিসেবে। তাছাড়া সাকিব এবং আমি আমরা দুজনই ইয়ামাহা এর ব্র্যান্ডঅ্যাম্বাসেডর। একসাথে আমাদের কাজও করা হয়েছে। তাই সাকিবকেই বেছে নিবো।

নিউজ ক্রিকেট ২৪ঃ ক্রিকেট নিয়ে এখন পর্যন্ত অনেক অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন অনেক অনেক অতিথির সাথে। কোন অনুষ্ঠানটা সবচেয়ে বেশি ভালো লাগার ছিলো আর কেন?

পিয়া জান্নাতুলঃ অনেক অনুষ্ঠানে উপস্থাপনা করেছি। তবে গত বিশ্বকাপটা ভালো লাগার ছিলো কারণ অনেক কিংবদন্তীর সাথে আমার কথা হয়েছে। সব মিলিয়ে এটা অনেক ভালো এক অভিজ্ঞতা ছিলো। আর অতিথির কথা বললে বলবো স্যার ভিভ রিচার্ডসের কথা। তার সাক্ষাৎকার নিয়েছিলাম। খুব ভালো এক সময় ছিলো।

নিউজ ক্রিকেট ২৪ঃ আপনার আইডল কে? কাকে ফলো করেন?

পিয়া জান্নাতুলঃ আমি ব্যক্তিগত জীবনে কাউকে ফলো করিনা। এটা ঠিক অনেকের অনেক কিছু ভালো লাগে, কারোর পোশাক ভালো লাগে, কারোর কনটেন্ট ভালো লাগে, কারো উপস্থাপনা হয়তোবা ভালো লাগে কিন্তু ফলো আমি কখনো কাউকে করিনা কোন সেক্টরেই না, হোক সেটা মডেলিংয়ে কিংবা উপস্থাপনায় বা অন্য কিছুতে। আমি মনে করি প্রত্যেকটা মানুষ নিজের জায়গা থেকে নিজের সেরাটা দিতে পারে।

নিউজ ক্রিকেট ২৪ঃ নিজেকে নিজের কেমন লাগেঃ এবং কেন?

পিয়া জান্নাতুলঃ হাহাহা! নিজের কাছে নিজেকে ভালোই লাগে, খারাপ লাগেনা। তবে সবসময়ই কাজ করা হয় আরো একটু ভালো করার। সবসময় চেষ্টা করি নিজের সেরাটা দেবার জন্য। বাংলাদেশের প্রেক্ষাপট বলেন আর বিশ্ব প্রেক্ষাপটে বলেন সব মিলিয়ে আমার মনে হয় মানানসই আমি।

নিউজ ক্রিকেট ২৪ঃ সামনে ক্রিকেট নিয়ে আরো কাজ করার ইচ্ছে আছে?

পিয়া জান্নাতুলঃ আমি তো ক্রিকেটার হতে পারবো না বা চাইও না, হাহাহা! ক্রিকেট নিয়ে কাজ করার প্রস্তাব পেলে এবং ব্যাটে-বলে মিলে গেলে তো অবশ্যই করবো। আমি প্রস্তুত।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »