কোহলি-রোহিতরা আদর্শ মানার মতো ক্রিকেটার নয়ঃ গম্ভীর

নিউজ ডেস্ক »

বর্তমানে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে বিরাট কোহলি ও রোহিত শর্মা রয়েছেন যারা পুরো ক্রিকেট বিশ্বে রাজত্ব করছেন। পেসারদের মধ্যে যশপ্রীত বুমরা ও মোহাম্মদ শামি রয়েছেন যারা ব্যাটসম্যানদের জন্য চিন্তার কারণ। স্পিনার কুলদীপ যাদব রয়েছেন আর আক্রমণাত্মক ব্যাটিংয়ে ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়ার পাশাপাশি ধৈর্যশীল কিংবা দায়িত্বশীল ব্যাটিংয়ের প্রতিচ্ছবি হিসেবে চেতেশ্বর পূজারার নাম চলে আসে। সব দিকেই ভারত ক্রিকেট বিশ্বে এক বড় পরাশক্তির নাম। কিন্তু সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীরের মতে এরা কেউ আদর্শের প্রতীক হতে পারে না।

গম্ভীর বলেন, ‘আমার মনে হয় এখন ভারতীয় দলের মধ্যে রোল মডেল নেই বললেই চলে। শতাব্দীর শুরুর দিকে দলে যখন শচীন, সৌরভ, দ্রাবিড়, লক্ষ্মণ, কুম্বলেরা ছিলেন তারা সবাই একে অপরের সহায়তা করতেন। তরুণদের সামনে এগিয়ে যেতে সহায়তা করতেন। তরুণ খেলোয়াড়দের কেউ ফর্মহীনতায় ভুগলে সিনিয়ররা তাঁদের সাহস জোগাতেন । এখানে সিনিয়রদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হয়। আমার মনে হয় বর্তমানে ভারতীয় দলে এই ভূমিকা পালন করার মতো কেউ নেই। যারা কি না নিজেদের স্বার্থের কথা ভুলে নিঃস্বার্থভাবে তরুণদের সহায়তা করবে।’

আরেক সাবেক তারকা যুবরাজ সিংও বেশ কিছু দিন আগে একই কথা বলেছিলেন। নির্দিষ্ট কারও নাম না বললেও তিনি মনে করেন বর্তমান দলে সিনিয়রদের মধ্যে শৃঙ্খলাবোধের অভাব রয়েছে। যুবরাজ বলেন, ‘আমাদের দল আর বর্তমান দলের মধ্যে যে পার্থক্যটা সবার আগে আমার চোখে পড়ে, সেটা হলো, আমরা যখন খেলেছি সে সময়ে আমাদের সিনিয়ররা অনেক নিয়মানুবর্তী ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম তখন এতটা জনপ্রিয় ছিল না। তাই মনঃসংযোগে ব্যাঘাত ঘটানোর মতো কিছুই ছিল না। এই সমস্যাটা সামাজিক যোগাযোগমাধ্যম জনপ্রিয় হওয়ার পর থেকেই শুরু হয়েছে বলে আমার কাছে মনে হয়। আদর্শ মানার মতো কোনো ক্রিকেটার বলতে গেলে এখন দলে নেই। আমাদের সময়ে সিনিয়রদের সম্মান দেওয়ার একটা রীতিটা ছিল, সেটা এখন আর দেখি না।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »