আকবর-তামিমদের জন্য ২৫ লাখ টাকার জীবন বীমার ব্যবস্থা করলো বিসিবি

কে এম আবু হুরায়রা »

চুক্তিবদ্ধ ক্রিকেটারদের মত এবার নিজেদের জন্য জীবন বীমা পাচ্ছেন বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৭ ক্রিকেটারের জন্য বীমা ৫০ লক্ষ টাকার। এবং আকবর আলীদের জন্য তার অর্ধেক এবং ঘরোয়া চুক্তিতে থাকা ক্রিকেটারদের সমমানের অর্থাৎ ২৫ লাখ টাকার বীমা পাচ্ছেন এই ক্রিকেটাররা।

দেশের এক জাতীয় দৈনিককে বিসিবির গেম ডেভলপমেন্ট ইউনিটের প্রধান জানান, ‘এমনও হতে পারতো দলটি চ্যাম্পিয়ন হয়নি। সেক্ষেত্রে দলটির কারও কারও ইন্সুরেন্সের আওতায় আসার সুযোগ থাকতো। হয়তো এদের মধ্যে চার-পাঁচজন প্রথম শ্রেণীর চুক্তিতে চলে আসতো। তাহলে ওদেরও ইনসুরেন্স হতো৷ তবে হ্যা, বয়স ভিত্তিক কোন দলের ইন্সুরেন্স করানো এটিই দেশে প্রথম ঘটনা।’

বিশ্বকাপ এ দলটি নিয়ে একটু বেশীই সাবধান বিসিবি। চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার পর তাদের নিয়ে বিভিন্ন সংবর্ধনা বা মোটা অঙ্কের টাকা না দিয়ে বিসিবি নিয়েছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা। ২ বছর সময় নিয়ে এই ক্রিকেটারদের গড়া হবে জাতীয় দলের জন্য। বর্তমানে এদের আর অনূর্ধ্ব-১৯ বলার সুযোগ নেই এরা এখন অনূর্ধ্ব-২১। এই ক্রিকেটারদের নিয়েই বিভিন্ন কন্ডিশনে খেলবে অনূর্ধ্ব-২১ দল।

খালেদ মাহমুদ সুজন জানান, ‘ওদের (বিশ্বকাপ জয়ী দলকে) অনূর্ধ্ব-১৯ বলার সুযোগ নেই। ওরা এখন অনূর্ধ্ব-২১। ইন্সুরেন্স দরকার ছিলো ওদের, যেহেতু ওরা বিসিবির চুক্তির মধ্যে চলে এসেছে। ওরা বিশ্বকাপ থেকে আসার পরেইতো ঘোষণা দেওয়া হয় আগামী ২ বছর ওরা ১ লক্ষ টাকা করে বেতন পাবে৷ যা ইতিমধ্যে ওরা পেতেও শুরু করেছে৷ বিসিবির চুক্তিবদ্ধ খেলোয়াড়দেরই কেবল মাত্র ইন্সুইরেন্স হয়। ওরা চুক্তিতে আসায় এটি জরুরি ছিলো। এই ভেবে ভালো লাগছে যে এটা হয়েও গেছে।’

তবে সকল সুসংবাদের ভিতরেও যেন আছে কিন্তু! বিশ্বকাপ জয়ী ১৬ ক্রিকেটারের ১৪ জনের বীমার অঙ্ক ২৫ লাখ হলেও বয়সের জটিলতায় ২ জন ক্রিকেটারের বীমা হয়েছে মাত্র১০ লাখ টাকার। মূলত, নাবিল এবং মেহরাবের ১৮ বছর না হওয়ায় পূর্ণ ২৫ লাখ টাকার বীমাটি করা যাচ্ছেনা৷ তবে স্বাস্থ্য বীমা সকলের মতই ইন-পেশেন্ট ৩ লক্ষ এবং আউট-পেশেন্ট ৫০ হাজার টাকা করে পাবেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »