নিউজ ডেস্ক »
করোনাভাইরাস বা কোভিড-১৯ এর থেকে রোগীদের সুস্থ করে তুলতে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত হাসপাতালগুলোতে নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছেন ডাক্তার-নার্সরা। কিন্তু তাদের নিজেদের সুরক্ষার জন্য প্রয়োজন হয় পিপিইয়ের ( পার্সোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট)। কিন্তু আমাদের দেশে পিপিইয়ের অভাব প্রকট। এবার নিজ জেলা বগুড়া সদর হাসপাতালে ডাক্তার ও নার্সদের সুরক্ষার জন্য ২০০ পিপিই দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহীম।
মানবসভ্যতার জন্য অনেক বড় এক হুমকি হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাস বা কোভিড-১৯। পুরো বিশ্বের ন্যায় করোনা এখন মহামারি আকার ধারণ করেছে বাংলাদেশেও। ইতিমধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩৪ জন।আক্রান্তের সংখ্যা ৬’শ ছাড়িয়েছে। ক্রমশ বেড়েই চলছে এই সংখ্যাটা। এমন বিপর্যস্ত সময়টাতে ডাক্তার-নার্সদের সুরক্ষার কথা চিন্তা করেই পিপিই দিয়ে সহায়তা করেছেন মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহীম।
করোনাভাইরাস মোকাবেলায় ক্রিকেটাররা ব্যক্তিগত ভাবে সাহায্য করে যাচ্ছেন যে যেভাবে পারছেন। মাশরাফি মর্তুজা তার নিজের এলাকায় খাদ্য সামগ্রী থেকে শুরু করে চিকিৎসা সেবা পর্যন্ত নিশ্চিত করেছেন। সাকিব আল হাসান ফান্ড কালেকশন করেছেন। বড় অঙ্কের অনুদান দিয়েছেন তামিম ইকবালও। মাহমুদউল্লাহ সাহায্য করেছেন খাদ্য সামগ্রী দিয়ে।
এছাড়াও কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২৭ ক্রিকেটার নিজেদের বেতনের ৫০ শতাংশ দিয়েছেন করোনা মোকাবেলায়।
