কে এম আবু হুরায়রা »
করোনাভাইরাস বা কোভিড-১৯ আতঙ্কে পুরো দেশ যখন আতঙ্কে তখনই জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন পুলিশ সদস্যরা। আর তাদেরকে প্রশংসায় ভাসালেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
করোনা ভাইরাসের আঘাতে পুরো বিশ্ব বর্তমানে অচল। দেশের বিভিন্ন স্থানে চলছে লক ডাউন। হাসপাতালে রোগীদের যেমন সেবা দিচ্ছেন ডাক্তার-নার্সরা৷ তেমনই মাঠে আছে দেশের প্রশাসনের ব্যাক্তিবর্গ। মানুষকে নিরাপদে ঘরে রাখতে সারাদিনই এরা টহল দেন দেশের অলিতে গলিতে। এবার সেই পুলিশদের নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
গতকাল রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পুলিশের চেয়ারে বসে ঘুমানোর স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘করোনা ভাইরাস দেশে আঘাত হানার সাথে সাথে তাদের (পুলিশের) কাজ যেন বেড়ে গেছে অনেকগুন। দিন রাত এক করে কাজ করে যাচ্ছেন তারা, কোনো প্রকার অভিযোগ ছাড়াই। হ্যাঁ, আমাদের পুলিশ ভাইদের কথা বলছি। তারা সত্যিই অক্লান্ত পরিশ্রম করছেন, শুধু আমাদেরকে করোনা নামক মহামারী থেকে সুরক্ষিত রাখতে। সারাটা দিন আমাদের পেছনে ছুটতে ছুটতে শরীরটা যখন আর সায় দেয় না, তখন মশার কামড়, গরম সব কিছুর কাছে হয়তো হার মেনে যান। বসার কিছু একটা পেলে শরীরটা ১৫-৩০ মিনিটের জন্য ছেড়ে দেয়, কারণ তারপর যে আবার যেতে হবে টহলে। সবাইকে সতর্ক করতে গিয়ে তারা ভুলেই যান যে তাদেরও একটা বাসা আছে, পরিবার আছে।’
নিজেদের ঘরে সুরক্ষিত এবং ঘরে থাকার আহবান জানিয়ে মাশরাফি বলেন, ‘আমরা কি পারি না এই পুলিশ, ডাক্তারদের দিকে তাকিয়ে হলেও নিজেদের একটু নিয়ন্ত্রণে রাখতে? আমরা যদি শুধু আমাদের কথা চিন্তা করেও বাসায় থাকতাম, তাহলে হয়তো এই মানুষগুলোর এতোটা কষ্ট হতো না।’
বার্তায় মাশরাফি দোয়া চেয়েছেন দেশের এই মহান ব্যাক্তিবর্গের জন্য। মাশরাফির ভাষায়, ‘মহান আল্লাহ্ তায়ালার কাছে দোয়া করি যেন এই মানুষগুলো ভালো থাকেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, অন্যকে সুস্থ থাকতে সাহায্য করুন।’
