সাকিব শাওন »
এবার করোনা মোকাবেলায় এগিয়ে আসলেন শ্রীলঙ্কান কিংবদন্তী স্পিনার মুত্তিয়া মুরালিধরণ।
আন্তর্জাতিক ক্রিকেট মাঠে বল হাতে প্রতিপক্ষের উইকেট গুড়িয়ে দেওয়া মুরালি এবার সাহায্যের হাত প্রসারিত করে দিলেন অসহায় গরিবদের জন্য। তিনি ৫ মিলিয়ন লঙ্কান রূপি দিয়েছেন সরকারের করোনা তহবিলে অসহায় গরিবদের জন্য।
মূলত করোনা ভাইরাসের কারণে যারা ক্ষতির মুখে ধাবিত হয়েছে সে সকল নিম্ন আয়ের মানুষের জন্য তার এই অনুদান। করোনা ভাইরাস বর্তমানে কঠিন আকারে রূপ নিয়েছে সারা বিশ্বব্যাপী। তাই এই সংকটময় সময়ে শ্রীলঙ্কার সরকার অসহায় গরিবদের জন্য একটা তহবিল গঠন করেছে। আর সেই তহবিলে মোটা অঙ্কের ৫ মিলিয়ন অর্থ দিয়ে অসহায়দের সাহায্য করেছেন এই লঙ্কান কিংবদন্তি।
এ বিষয়ে জানতে চাইলে লঙ্কান এক গণমাধ্যমকে মুরালিধরণ বলেন, ‘এই দুর্যোগপূর্ণ সময়ে সরকার সবার দিকে সমানভাবে খেয়াল দিতে পারবে না, সেটা সম্ভব ও নয়। তাই এই বিপদে যেসব মানুষের সাহায্য করার ক্ষমতা রয়েছে তারা যেনো অবশ্যই অসহায়দের পাশে এসে দাড়ায়। তিনি মনে করছেন করোনার বিপক্ষে জিততে সবাইকেই এগিয়ে আসতে হবে।’
করোনা ভাইরাসের কারণে বর্তমানে বিশ্বের সকল দেশেই সব ধরণের খেলাধুলার ইভেন্ট স্থগিত রয়েছে। মাঠে খেলা নেই তাই এই সুযোগে খেলোয়াড়রা বাসাতেই অবস্থান করছেন পরিবারের সঙ্গে। খেলোয়াড়রা এই অবসর সময়ে বাসার মধ্যেই ফিটনেসের কথা মাথায় রেখে নিয়মিত শারীরিক ব্যায়াম করছেন।
