পেশাদার ক্রিকেটকে বিদায় বললেন মোহাম্মদ শরীফ

কে এম আবু হুরায়রা »

পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেন ঘরোয়া ক্রিকেটের নিয়মিত খেলোয়াড় মোহাম্মদ শরীফ। এখনই পেশাদার ক্রিকেটকে বিদায় বলে ক্রিকেটের উন্নয়নে নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর সময় এসেছে বলে মনে করেন মোহাম্মদ শরীফ।

অবসর নিয়ে মোহাম্মদ শরীফ বলেন, ‘পুরো নারায়ণগঞ্জ শহর বিপদের মধ্যে আছে। আমিও বের হইনা গত ১৫দিন ধরে। নিজের ছাদেই জিম করছি নিজেকে ফিট রাখার জন্য। সিদ্ধান্ত নিয়েছি মাঠের ক্রিকেটে আর ফিরবোনা। ফার্স্ট ক্লাস খেলবোনা। ইঞ্জুরির কারণে ঢাকা লীগেও খেলছিনা।’

তিনি আরও বলেন, ‘চিন্তাটা অনেক আগেই এসেছিলো। গত বছর সব ফরম্যাটেই খেলেছি। এবার ইঞ্জুরির কারণে খেলতে পারিনি। মাঠে ক্রিকেট এ বছর ফিরবে কিনা তারও ঠিক নেই।’

মাঠের ক্রিকেট ছাড়লেও ছাড়ছেন না ক্রিকেট৷ নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান ক্রিকেটের স্বার্থেই৷ সুযোগ পেলে কোচিং ক্যারিয়ার শুরু করার ইচ্ছের কথাও জানিয়েছেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার। শরীফ বলেন, ‘এ নিয়ে সুজন (খালেদ মাহমুদ সুজন) ভাইয়ের সাথে কথা হয়েছে। তিনি জানতে চেয়েছেন ক্রিকেট ছেড়ে কি করবো, কোচিং নাকি নির্বাচক? আমি সিদ্ধান্ত নিয়েছি মাঠের ক্রিকেট ছাড়লেও ক্রিকেটের সাথেই থাকতে চাই। আমি চাই আমার আমার এই অভিজ্ঞতা দেশ ও এই প্রজন্মের ক্রিকেটারদের দিতে।’

‘আমি মনে করি আমার এতোদিনের অভিজ্ঞতা দেশের ক্রিকেটের জন্য কাজে আসবে। বিসিবি চাইলে দেশের ক্রিকেটের জন্য নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে প্রস্তুত আছে’ যোগ করেন শরীফ।

মোহাম্মদ শরীফের অন্তর্জাতিক অভিষেক হয় ২০০১ সালের ১৯’শে এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে৷ বাংলাদেশের হয়ে ১০টি টেস্ট এবং ৯টি টি২০ ম্যাচ খেলেছেন মোহাম্মদ শরীফ। সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট ২০০৭ সালে খেললেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই খেলেন অভিজ্ঞ এই খেলোয়াড়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »