সাকিব শাওন »
বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় থাকে আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। বিশ্বের সবথেকে বড় এই টি-২০ টুর্নামেন্টের এবারের ১৩তম আসর স্থগিত হয়ে আছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে। ঠিক কবে নাগাদ এবারের আইপিএল আসর মাঠে গড়াতে পারে এই নিয়ে সবসময় জল্পনা-কল্পনা চলছে এমনকি নানারকম খবরও আসছে, তবে সব খবরই ভিত্তিহীন বলছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। এখন আইপিএল নিয়ে কোন রকম চিন্তা করা বা ভাবনায় আনাও সম্ভব নয় বলে জানান প্রিন্স অব কোলকাতা।
পশ্চিমবঙ্গের জনপ্রিয় পত্রিকা আনন্দ বাজারের সঙ্গে কথা বলার সময়ে ভারতের অন্যতম সাবেক সফল এই অধিনায়ক বলেন, ‘‘সত্যি কথা বলতে, এই মুহূর্তে যে অবস্থায় আছি তাতে করে আইপিএল নিয়ে ভাবাও সম্ভব না। সকল দেশে ফ্লাইট বন্ধ, বাড়ি থেকে কেউ বের হতে পারছে না, অনেক মানুষ অসহায় হয়ে পড়েছে, প্রত্যেকটা দেশেরই সীমান্ত বন্ধ। এমন পরিস্থিতিতে যে আইপিএল নিয়ে আলোচনায় বসবো, কাদের সাথে বসবো, কিছুই তো ঠিক নেই। আগে পৃথিবী ঠিক হোক, সবাই প্রাণে বাঁচুক।‘
সৌরভ মনে করছেন পরিস্থিতি আগের অবস্থানে ফিরে গেলে অন্য সকল সিরিজগুলো পিঁছিয়ে যদি আইপিএল শুরু করা সম্ভব হয় তাহলে অবশ্যই সেটি করা হবে। এছাড়া করোনা ভাইরাসের কারণে বিশ্বের সকল দেশেই সব ধরণের খেলাধুলার ইভেন্ট স্থগিত রয়েছে। মাঠে খেলা নেই তাই এই সুযোগে খেলোয়াড়রা বাসাতেই অবস্থান করছেন পরিবারের সঙ্গে।
খেলোয়াড়রা এই অবসর সময়ে বাসার মধ্যেই ফিটনেসের কথা মাথায় রেখে নিয়মিত শারীরিক ব্যায়াম করছেন অনেকে সেইসব ব্যায়ামের ছবি, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বিষয়টি নিশ্চিত করছেন, সাথে করোনা ভাইরাস মোকাবেলার জন্য বিভিন্ন সচেতনমূলক পরামর্শ ভিডিওর মাধ্যমে জানাচ্ছেন খেলোয়াড়রা।
