অনুদান প্রাপ্ত ক্রিকেটারদের তালিকায় মাশরাফি!

গাজী নাসিফুল হাসান »

মাশরাফি বিন মর্তুজা অবশ্যই বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা একজন ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি ) এর সর্বশেষ কেন্দ্রীয় চুক্তিতে তিনি প্রায় সাড়ে চার লাখ টাকা বেতন পেতেন। তবে এ বছর বিসিবির নতুন চুক্তিতে মাশরাফি চাইলেই থাকতে পারতেন তবে অধিনায়কত্ব ছেড়ে দেয়ার কারণে তিনি সেই টাকা নিতে চাননি। তাই চুক্তিতেও নেই মাশরাফি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনকে ফোন করে স্বেচ্ছায় বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন মাশরাফি। বর্তমানে করোনা ভাইরাস থেকে নিজ জেলা নড়াইলকে রক্ষা করতে মাঠে নেমে কাজ করছেন মাশরাফি। তার নিজ জেলার মানুষকে চিকিৎসা সেবা নিশ্চিত করছেন মাশরাফি। পিপিই , মাস্ক এবং তার জেলার হাজার হাজার অসহায় মানুষদের সহায়তা করে যাচ্ছেন।

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে না থেকেও তামিম ইকবালের আহ্বানে তিনি দান করেছেন ২ লাখ ২৫ হাজার টাকা। যখন নিজেই দান করছেন অকাতরে তখন বিসিবি যে ৯৬ ক্রিকেটারকে বিশেষ অনুদান দিচ্ছে তাতে নাম উঠেছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজারও।

 

 

 

 

করোনা ভাইরাসের কারণে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খেলা স্থগিত হয়েছে আরো আগেই তবে খেলা বন্ধের কারণে ক্রিকেটারদের আর্থিক সমস্যায় যেন সম্মুখীন হতে না হয় তার জন্য কেন্দ্রীয় ও প্রথম শ্রেণীর চুক্তির বাহিরে থাকা ক্রিকেটারদের এককালীন আর্থিকভাবে সহায়তার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি প্রেসিডেন্টের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার ৯৬ ক্রিকেটারকে প্রত্যেককে ৩০ হাজার টাকার চেক প্রদান করে সিসিডিএম। সেই তালিকায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পাঁচ ক্রিকেটারের নাম রয়েছে। আর শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ক্রিকেটার মাশরাফিও পাচ্ছেন এই অনুদান।

এই অনুদান মাশরাফি পাওয়াতে অনেকেই অবাক হলেও অবাক হননি সিসিডিএম এর সদস্য সচিব আলী হোসেন। আলী হোসেন বিষয়টিকে ব্যাখ্যা দিয়ে বলেছেন, ” এই অনুদান দেয়ার কথা যারা বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই এবং প্রথম শ্রেণীর চুক্তিতে নেই তাদের। যেহেতু মাশরাফি বিন মর্তুজা বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই এবং প্রথম শ্রেণীর চুক্তিতেও নেই তাই নিয়ম অনুযায়ী সে পাবে এই অনুদান। হয়তো সে এই অনুদান নেবে না। তবে নিয়ম অনুযায়ী সেই পাবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »