সাকিব শাওন »
খেলোয়াড় হিসেবে সবসময় উইকেট রক্ষা করে মাটি কামড়ে ক্রিজে পড়ে থাকার জন্য বিখ্যাত চেতেশ্বর পুজারা। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে এই কঠিন সময়কালে তিনি সকল মানুষের কাছে অনুরোধ করেছেন, সকলে যেন এই সময়ে মাটি কামড়ে ঘরে বসে থাকেন।
তিনি মনে করেন এই দুর্যোগে ঘরে সময় কাটানোটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পুজারা আরো বলেছেন, যে কোনো কাজ থেকে এখন বিরতি নিতে হবে এমনকি ক্রিকেট থেকেও। কারণ, সবকিছুর আগে নিজের জীবন। এই কঠিন সময়ে যে কোন কাজ কিংবা খেলার চেয়ে জীবনের মূল্য অনেকগুণ বেশি। যদিও সারাক্ষণ ঘরে থাকাটা খুব বেশি কষ্টের তবুও নিজের এবং দেশের ভালোর জন্য সবাইকে নিজ নিজ ঘরে অবস্থান করতে হবে।
করোনা ভাইরাসের কারণে আপাতত বিশ্বের সকল দেশেই সব ধরণের খেলাধুলার ইভেন্ট স্থগিত রয়েছে। মাঠে খেলা নেই তাই এই সুযোগে খেলোয়াড়রা বাসাতেই অবস্থান করছেন পরিবারের সঙ্গে।
খেলোয়াড়রা এই অবসর সময়ে বাসার মধ্যেই ফিটনেসের কথা মাথায় রেখে নিয়মিত শারীরিক ব্যায়াম করছেন অনেকে সেইসব ব্যায়ামের ছবি, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বিষয়টি নিশ্চিত করছেন, সাথে করোনা ভাইরাস মোকাবেলার জন্য বিভিন্ন সচেতনমূলক পরামর্শ ভিডিওর মাধ্যমে জানাচ্ছেন খেলোয়াড়রা।
