সাকিব শাওন »
বাংলাদেশ ক্রিকেটে লেগ স্পিনাররা খুব একটা ভালো সুবিধা করতে পারেন না। মুদ্রার উল্টো পিঠে অবস্থান তৈরি করে জাতীয় দল পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন। বছর খানেকের মধ্যেই খেলে ফেলেন তিন ফরম্যাটের ক্রিকেট। কিন্তু হুট করেই বাজে ফর্মের জন্য বাদ পড়েন দল থেকে।
লিখন জানান, দিনের পর দিন এভাবে লড়াই করেই টিকে থাকতে হয় তার মত অন্য সব লেগ স্পিনারদেরও। তবে এসব কিছুর পরও লেগ স্পিনার হওয়াটাকে খারাপ চোখে দেখেন না লিখন। ক্রিকেটার হলে অনেকজন কেই অনুসরণ করার প্রয়োজন হয়, তেমনি ভালো কিছু শেখার জন্য লিখনের ও অনুসরণ করার মতো খেলোয়াড় রয়েছে।
লিখন এ বিষয়ে বলেন “অস্ট্রেলিয়ান কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্নকে দেখে লেগ স্পিন শুরু করা তার। বর্তমানে তিনি অনুসরণ করেন ভারতীয় লেগি যুবেন্দ্র চাহালকে।“
তিনি জানান এর পেছনের কারণও। শেন ওয়ার্ন বর্তমানে এখন ক্রিকেট মাঠে নেই, রয়েছেন অবসরে। সেহেতু এই সময়ের খেলা দেখলে চাহালকেই খুব ভালো লাগে তার। তিনি বলেন, ‘রাশিদ খান আলাদা ধরণের, ওর মত বল ডেলিভারি বা বোলিং অ্যাকশনতো আমাদের না। সেদিক থেকে চাহালের সবকিছুই আমার মনে ভালো লাগে, এজন্য আমি চাহালকেই অনুসরণ করতে পছন্দ করি।‘
করোনা ভাইরাসের কারণে আপাতত বিশ্বের সকল দেশেই সব ধরণের খেলাধুলার ইভেন্ট স্থগিত রয়েছে। মাঠে খেলা নেই তাই এই সুযোগে খেলোয়াড়রা বাসাতেই অবস্থান করছেন পরিবারের সঙ্গে।
খেলোয়াড়রা এই অবসর সময়ে বাসার মধ্যেই ফিটনেসের কথা মাথায় রেখে নিয়মিত শারীরিক ব্যায়াম করছেন। অনেকে সেইসব ব্যায়ামের ছবি, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বিষয়টি নিশ্চিত করছেন। সাথে করোনা ভাইরাস মোকাবেলার জন্য বিভিন্ন সচেতনমূলক পরামর্শ ভিডিওর মাধ্যমে জানাচ্ছেন খেলোয়াড়রা।
