করোনা মোকাবেলায় এগিয়ে আসলেন টাইগার যুবারা

সাকিব শাওন »

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে থমকে গেছে চারপাশের সবকিছু। এই কঠিন সময়ে তাই ঘরে বসেই সময় পার করছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশের ক্রিকেটাররা। ঘরে বসে থাকলেও এবার তারা করোনা ভাইরাস মোকাবেলার জন্য এগিয়ে এসেছেন ।

যুবদলের ক্রিকেটাররা এবং সকল কর্মকর্তারা মিলে তাদের নিজস্ব সামর্থ্য অনুযায়ী একটি তহবিল গঠন করছেন। এই সবকিছুর দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্ট ও যুবদলের ম্যানেজার কাওসার আহমেদ।

তিনি জানিয়েছেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সাথে যে সকল ক্রিকেটাররা ছিলেন এবং তাদের পাশাপাশি যে সকল কর্মকর্তারা ছিলেন তারাও এই তহবিলে নিজেদের অর্থ দিয়ে সাহায্য করবেন। তবে কত পরিমাণ অর্থ এই তহবিলে জমা হবে সেটি এখনো সঠিক ভাবে বলা যাচ্ছে না, তবে ধারণা করা হচ্ছে আড়াই লাখ টাকার মতো অনুদান সংগ্রহ হতে পারে। এই সব অর্থ কোয়াবের নিকট তুলে দেয়া হবে, ক্রিকেটারদের পক্ষ থেকে এই অর্থ অসহায় গরিবদের নিকট পৌঁছে দেওয়ার জন্য।’

করোনা ভাইরাসের কারণে আপাতত বাংলাদেশসহ বিশ্বের সকল দেশেই সব ধরণের খেলাধুলার ইভেন্ট স্থগিত রয়েছে। মাঠে খেলা নেই তাই এই সুযোগে খেলোয়াড়রা বাসাতেই অবস্থান করছেন পরিবারের সঙ্গে।

খেলোয়াড়রা এই অবসর সময়ে বাসার মধ্যেই ফিটনেসের কথা মাথায় রেখে নিয়মিত শারীরিক ব্যায়াম করছেন অনেকে সেইসব ব্যায়ামের ছবি,ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বিষয়টি নিশ্চিত করছেন, সাথে করোনা ভাইরাস মোকাবেলার জন্য বিভিন্ন সচেতনমূলক পরামর্শ ভিডিওর মাধ্যমে জানাচ্ছেন খেলোয়াড়রা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »