রাকিব হাসান খান »
বুধবার (৮ই এপ্রিল) নিজের ফেইসবুক পেজে একটি ভিডিও বার্তায় আবার ২০ লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা বললেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মূলত এইবারের অনুদানটা হচ্ছে অসহায় মানুষের খাবারের ব্যবস্থা করার জন্য। এর আগেও ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ গরিব, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এরই মধ্যে ২ হাজার দুঃস্থ পরিবারকে সাহায্য করছে এই সংস্থা। এবার আরও বড় পরিসরে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সাকিবের এই সংগঠন।
সাকিব বলেছেন, ‘আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে ভালো আছেন। আমি অনেক আনন্দ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে, সাকিব আল হাসান ফাউন্ডেশন এবং মিশন সেভ বাংলাদেশ ২০ লক্ষ টাকার আরও একটি ফান্ড গঠন করেছে। প্রাপ্ত এই অর্থ দিয়ে গরীব এবং দুস্থ মানুষদের খাবারের ব্যবস্থা করা হবে। আমি আশা করবো আপনারাও যার যার জায়গা থেকে সুবিধাবঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়াবেন।’
কয়েকদিন আগেই ২০ লাখ টাকার একটি তহবিল গঠন করেছিলেন সাকিব। এই তহবিল থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বেশ কিছু স্বনামধন্য হাসপাতাল ও মেডিকেল ইনস্টিটিউটকে করোনা শনাক্তকরণ কিটের ব্যবস্থা করে দেয়া হয়েছিল।
