কে এম আবু হুরায়রা »
করোনার কারণে থমকে আছে পুরো বিশ্ব। বাংলাদেশও বর্তমানে করোনার ভয়াবহতা টের পাচ্ছে। দেশের মানুষের অসতর্কতা ভোগাতে পারে পুরো দেশকে। তবে এ নিয়ে নিজের জন্মস্থান কক্সবাজারসহ সারা দেশবাসীকে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভ।
সম্প্রতি এক ভিডিও বার্তায় এই লিটল মাস্টার বলেন, ‘প্রিয় কক্সবাজারবাসী, আসসালামু আলাইকুম৷ আমি বাংলাদেশ জাতীয় টেস্ট দলের অধিনায়ক আপনাদের প্রিয় মুমিনুল। আপনারা জানেন, পৃথিবীর বিভিন্ন দেশের মত বাংলাদেশেও করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। আসুন এই ভাইরাস থেকে বাঁচতে নিয়ম-কানুনগুলো মেনে চলি।’
করোনা ভাইরাসের কোন প্রতিষেধক আবিষ্কার না হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মেনে চললে এই রোগ এড়িয়ে চলা সম্ভব৷ এবং আক্রান্ত বা সন্দেহভাজনদের নিয়ম অনুযায়ী কোয়ারেন্টাইন মেনে চললে এই ভাইরাস মোকাবিলা সম্ভব। এই ভিডিও বার্তায় মুমিনুল দেশবাসীকে সুস্থ থাকতে হলে কি করনীয় তার পরামর্শ দিয়েছেন।
মুমিনুল আরো বলেন, ‘ঘন ঘন ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নেই। গণ জমায়েত ও ভীড় এড়িয়ে চলি। জরুরী প্রয়োজন ব্যতিত অযথা বাইরে বের হবেন না। হাট, বাজার বা দোকানে ঘুরাঘুরি করবেন না। কেউ বিদেশ থেকে আসলে অবশ্যই নিয়ম মেনে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারান্টাইনে থাকার অনুরোধ করছি।’
