নিউজ ডেস্ক »
পুরো বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করেছে করোনা ভাইরাস বা কোভিড-১৯। আর এর ফলে অচল হয়ে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন। করোনার প্রভাব পড়েছে দেশের ক্রিকেটে। করোনার কারণে দেশের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আর এমন ভয়াবহ পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন দেশের ক্রিকেটাররা।
ঘরে বসে থেকে নিজেদের ফিটনেস ঠিক রাখাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ক্রিকেটারদের জন্য। তবে ঘরে বসে নেই ক্রিকেটাররা। অনেকেই ঘরোয়া সরঞ্জাম দিয়ে শারীরিক ব্যায়াম চালিয়ে নেয়ার কাজটা চালিয়ে যাচ্ছেন। এদিকে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মনে করেন এই সময়টাতে খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখাই আসল চ্যালেঞ্জ।
জাতীয় একটি সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে মোঃ আশরাফুল বলেন, ‘আমার কাছে মনে হয় এখন ফিটনেস ধরে রাখাই বড় চ্যালেঞ্জ। তবে যারা সহজাত প্রতিভাবান তাদের স্কিল নিয়ে চিন্তিত হওয়ার কোন কারণ নেই। তবে এ সময়টাতে শ্যাডো, ভারসাম্য ঠিক রাখার অনুশীলনগুলো খুবই গুরুত্বপূর্ণ।’
এদিকে জাতীয় দলের অন্যতম নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার মনে করছেন লম্বা বিরতির পর ক্রিকেটারদের হাত এবং চোখের সমন্বয়ে সমস্যা হতে পারে। তাঁর ধারণা এই ঘাটতি কাটিয়ে উঠতে সময়ের প্রয়োজন হবে।
এ ব্যাপারে হাবিবুল বাশার বলেন, ‘স্কিল ট্রেনিংয়ে হুট করে লম্বা বিরতি পড়ে গেলে মূল সমস্যাটা হয় হাত ও চোখের সমন্বয়ে। চোখে ভালো দেখছি একইসাথে হাত দ্রুত যাচ্ছে, এটার সমন্বয় নিখুঁত হওয়াটা ক্রিকেটে বেশ গুরুত্বপূর্ণ। আর অনুশীলন না করলে এবং ম্যাচ না খেললে এটা নিখুঁত হয় না। তবে আমি আশা করিএতে বড় কোনো সমস্যা হবে না। কিছুদিন টানা অনুশীলন আর কয়েকটা ম্যাচ খেললেই ঠিক হয়ে যাবে। তবে সেক্ষেত্রে ফিটনেস ঠিক রাখতে হবে। ফিটনেস হারিয়ে ফেললে আগের জায়গায় আসতে সময় লাগবে বেশ।’
