নিউজ ডেস্ক »
চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। কিন্তু বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাবে এখনো বলা যাচ্ছে না সঠিক সময়ে মাঠে গড়াবে কিনা বিশ্বকাপ। তবে এই বিশ্বকাপ দিয়ে আবারো ভারতীয় দলে ফিরতে চান ডানহাতি ব্যাটসম্যান রবিন উথাপ্পা। সম্প্রতি একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
ভারতের হয়ে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন উথাপ্পা। এরপর ঘরোয়া টুর্নামেন্ট এবং আইপিএলে নিয়মিত খেললেও জাতীয় দলে ছিলেন আসা-যাওয়ার মধ্যে। ভারতের হয়ে সবশেষ ২০১৫ সালে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলা উথাপ্পা পুনরায় দলে ফিরে আসতে মুখিয়ে আছেন।
নিজের প্রতি আত্মবিশ্বাস থেকেই ফিরে আসার স্বপ্ন দেখছেন তিনি। উথাপ্পা বলেন, ‘আমি বলবো আমার মধ্যে এখনও আগুন রয়েছে। আমি দলে জায়গা পাওয়ার জন্য লড়ে যেতে চাই। আমি বিশ্বাস করি আরো একটা বিশ্বকাপ খেলতে পারব।’
ওয়ানডে ফরম্যাটে সেভাবে নিজেকে মেলে ধরতে না পারলেও টি-টোয়েন্টি ফরম্যাটে কিছুটা সফল তিনি। আইপিএলে ২৪টি হাফ সেঞ্চুরির মালিক উথাপ্পা তাই বিশ্বাস করেন সুযোগ পেলে দলকে জেতানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম তিনি।
‘আমার বিশ্বাস পরিস্থিতি এখন আমার পক্ষেই যাবে। আমি মনে করি বিশ্বকাপ দলে খেলার সুযোগ পাব এবং দলকে জেতানোর ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারব। সত্যি কথা বিশ্বকাপে খেলার স্বপ্ন আমি এখনও দেখি আর এই স্বপ্ন যত দিন বেঁচে থাকবে, তত দিনই আমি ক্রিকেট খেলে যাব’ – যোগ করেন উথাপ্পা।
