সাকিব শাওন »
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশের তৃতীয় দফা পাকিস্তান সফর স্থগিত হয়ে গেছে।শেষ দফার পাকিস্তান সফরে একটি ওয়ানডে ম্যাচ এবং একটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল উভয় দলেরই।
বিশ্বের এই মহামারি সময়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচটি না হওয়া নিয়ে মোটেই চিন্তিত নন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। ম্যাচটি পরবর্তীতে কোন এক সময়েও হয়ে যাবে বলে মনে করেন এই টেস্ট ক্যাপ্টেন।
মুমিনুল মনে করছেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্যালেন্ডারেও অনেক পরিবর্তন আসতে যাচ্ছে। এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মুমিনুল বলেন, ‘করোনা ভাইরাসের কারণে মাঠে খেলা না থাকায় এ বছর ক্রিকেট ক্যালেন্ডারে আসতে পারে অনেক পরিবর্তন। আমাদের টেস্ট ম্যাচ যেহেতু চ্যাম্পিয়নশিপের সঙ্গে জড়িত, তাই কেউই বলতে পারে না যে ম্যাচ হবে না। কয়েক মাস পর হলেও এসব ম্যাচ হওয়ার জোর সম্ভাবনা থাকছে।এমনকি পরের বছরেও হতে পারে।’
করোনা ভাইরাসের কারণে আপাতত বাংলাদেশসহ বিশ্বের সকল দেশেই সব ধরণের খেলাধুলার ইভেন্ট স্থগিত রয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় অনেক ক্রিকেটারই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মাঠে খেলা নেই তাই এই সুযোগে খেলোয়াড়রা বাসাতেই অবস্থান করছেন পরিবারের সঙ্গে। খেলোয়াড়রা এই অবসর সময়ে বাসার মধ্যেই ফিটনেসের কথা মাথায় রেখে নিয়মিত শারীরিক ব্যায়াম করছেন। অনেকে সেইসব ব্যায়ামের ছবি, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বিষয়টি নিশ্চিত করছেন। একইসাথে করোনা ভাইরাস মোকাবেলার জন্য বিভিন্ন সচেতনমূলক পরামর্শ দিচ্ছেন ক্রিকেটাররা।
