সাকিব শাওন »
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে থমকে গেছে সকল দেশের ক্রীড়াঙ্গন,বর্তমানে অবস্থা আরো ভয়াবহর দিকে যাচ্ছে। ইতোমধ্যে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে প্রায় ৭০ হাজারে, আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১২ লাখ। এমন পরিস্থিতিতেই দর্শক বিহীন মাঠে ক্রিকেট ফেরানোর কথা বলেছে কয়েকটি বোর্ড ও সাবেক ক্রিকেটাররা। তবে এসব প্রস্তাবের বিপক্ষে নিজের মত দিলেন পাকিস্তানের বোলিং কোচ ওয়াকার ইউনুস।
ইংলিশ ক্রিকেট বোর্ডের পাশাপাশি অস্ট্রেলিয়ার কোচ শূণ্য গ্যালারিতে খেলা শুরু করার পক্ষে কথা বলেছেন। তবে এ ব্যাপারে পাকিস্তানের সাবেক সফল পেসার ও বর্তমান বোলিং কোচ ওয়াকার ইউনুস বলেন করোনার প্রভাবে স্বাস্থ্য ঝুঁকি প্রতিনিয়ত খারাপের দিকে যাচ্ছ। ফলে এই মুহুর্তে মাঠে ক্রিকেট না ফেরানোই উত্তম।
সোমবার (৬ এপ্রিল) এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণমাধ্যমের সাথে কথা বলার সময় তিনি বলেন, ‘না এখুনি দর্শক শূর্ণ্য মাঠে ক্রিকেট ফিরুক এটা আমি চাই না। এটার সাথে একমত নই আমি।’
তিনি আরো বলেন, ‘আমি মনে করি পাঁচ-ছয় মাসের মধ্যে যখন সব পরিস্থিতি অনুকূলে আসবে এবং আমরা স্বাভাবিক জীবন যাপন শুরু করতে পারবো তখন শূণ্য গ্যালারিতে খেলার কথা চিন্তা করলে ভালো হবে।’
করোনা ভাইরাসের কারণে আপাতত বিশ্বের সব দেশেই সকল ধরণের খেলা স্থগিত রয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় অনেক ক্রিকেটারই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মাঠে খেলা নেই তাই এই সুযোগে খেলোয়াড়রা বাসাতেই অবস্থান করছেন পরিবারের সাথে। খেলোয়াড়রা এই অবসর সময়ে বাসার মধ্যেই ফিটনেসের কথা মাথায় রেখে নিয়মিত শারীরিক ব্যায়াম করছেন। অনেকে সেইসব ব্যায়ামের ছবি, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বিষয়টি নিশ্চিত করছেন, সাথে করোনা ভাইরাস মোকাবেলার জন্য বিভিন্ন সচেতনমূলক নির্দেশনা দিচ্ছেন।
