নিজের ছেলের চুল ঘরে বসে কেটে দিলেন সোহরাওয়ার্দি শুভ

স্পোর্টস রিপোর্টার »

পুরো বিশ্বজুড়ে করোনাভাইরাসের দুর্যোগের কারণে অচল হয়েছ বিশ্ব ক্রীড়াঙ্গন। বন্ধ হয়ে আছে ক্রিকেটও। এই সময়ে হোম কোয়ারেন্টাইনে থাকা ক্রিকেটাররা নিজেদের ফিটনেস ধরে রাখতে নিজেদের বাসায়ই ব্যায়ামকে বেছে নিয়েছেন। ঘরে বন্দি হয়ে আছেন ক্রিকেটার সোহরাওয়ার্দি শুভও।আর তাই দু’ছেলেকে নিয়েই সময় কাটছে তার।
শুভ’র বড় ছেলে সাফওয়ান সোহরাওয়ার্দি পড়ছেন নার্সারি শ্রেণিতে। করোনার কারণে স্কুল বন্ধ ছেলেরও। আর ছোট ছেলের বয়স কেবল ৮ মাস।

আজ সোমবার দুপুরে বাসায় বসে বড় ছেলে সাফওয়ানের চুলের দিকে তাকিয়ে হঠাৎ শুভ’র মনে হলো ছেলের চুলটা অনেক বড় হয়ে গেছে, কাটতে হবে। কিন্তু লকডাউনের এই সময়টাতে সেলুনে গিয়ে চুল কাটার কোন উপায় নেই। আর তাই নিজের সেভ করার ট্রিমার নিয়েই ছেলের চুল কাটতে বসে গেলেন তিনি। প্রথমবারের মত এই কাজে বসে বেশ সফলও হয়েছেন এই অলরাউন্ডার। বেবি কাটিং স্টাইলের নতুন ধরণটা তার ছেলের বেশ পছন্দও হয়ে গেছে।

এ নিয়ে মুঠোফোনে ক্রিকেটার সোহরাওয়ার্দি শুভ’র সাথে কথা হলে নিউজ ক্রিকেট ২৪ ডট কমকে তিনি জানান, ‘ লকডাউনে বাসায় বসে থাকলেও নিজের ফিটনেস ঠিক রাখারও চেষ্টা করে যাচ্ছি পুরোদুস্তর।’

জাতীয় দলের হয়ে ১৭টি ওয়ানডে ও ১টি টেস্ট ম্যাচ খেলেছেন সোহরাওয়ার্দি শুভ। ঘরোয়া ক্রিকেটের এই মৌসুমে শুভ খেলছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জার্সিতে। শুভ আরো বলেন, ‘ক্লাবের ট্রেনার ম্যাক আমাদের ফিটনেস ঠিক রাখার জন্য একটি চার্ট দিয়েছেন। আর সেটা অনুসরণ করে যাচ্ছি। এতদিন ধরে ক্রিকেট খেলছি, খেলা না থাকলে কিভাবে নিজেকে ফিট রাখতে হয় সেই কৌশলটা জানাই আছে।’

একটি ভিডিওতে দেখা গিয়েছে নিজের ফিটনেস ঠিক রাখতে ছয়তলা বাসার সিঁড়িতে দ্রুতগতিতে উঠানামা করে শরীরচর্চা করে যাচ্ছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »