স্পোর্টস রিপোর্টার »
করোনা ভাইরাসের আতঙ্কের কারণে দেশের ক্রিকেট অচল হয়ে পড়ে অাছে। সব ধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটাররা তাই বাসায় বসেই দিন পার করছে। কয়েক দিন আগেই ইনজুরি জন্য অস্ত্রপচার করে দেশে ফিরেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী। জানিয়েছেন পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে তার।
সোমবার (০৬ এপ্রিল) নিউজক্রিকেটকে এই কথা জানিয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। তবে করোনার কারণে এমনিতেই ঘরবন্দি ক্রিকেটাররা। তাই সময়টা বেশ একঘেয়েমি ভাবেই কাটছে তার।
মৃতুঞ্জয় বলেন, ‘অনেক বোরিং কাটতেছে কিন্তু আমার কিছু করার নাই। যখন আমি সার্জারি করে আসলাম কিছুদিন আগে আমাকে এই ভাবে কাটাতে হতো। বাসা থেকে বাইর হচ্ছে না সবসময় বাসার ভিতরে আছি। আর অনূর্ধ্ব-১৯ এর যারা আছে সবার সাথেই কথা হচ্ছে তারাও বলছে খুব বিরক্তিকর লাগছে।’
ইনজুরি নিয়ে তিনি বলেন, ’আগের থেকে ভালো আমার প্রায় চার সপ্তাহ কেটে গেছে। আরও ২-৩ সপ্তাহ এভাবে থাকতে হবে তারপর দেখি বোর্ড কি ডিসিশন দেয়। যদি বোর্ডে যাওয়া লাগে তাহলে ওখান থেকে রিহাব শুরু করব না হলে বাসা থেকে করব।’
চলতি বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে ভারতকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় জুনিয়র টাইগাররা। সেই দলের সদস্য ছিলেন এই অলরাউন্ডার। কিন্তু শেষ দিকে এসে ইনজুরির কারণে দেশে ফিরে আসতে হয় তাকে।
